দিনাজপুরের হিলি স্থলবন্দর থেকে আমদানীকৃত ভুট্টা নিয়ে গন্তব্যে না পৌঁছে উধাও হয়ে যান ট্রাকচালক। ঘটনার ২১ দিন পর ট্রাকসহ পণ্য উদ্ধার করা হয়েছে। আটক করা হয়েছে চালক আনিছার মণ্ডল ও ট্রাকের মালিক আল ইমরানসহ তিনজনকে। বগুড়া ও গাইবান্ধায় পৃথক অভিযান চালিয়ে পুলিশ তাদের আটক করে। পুলিশের পক্ষ থেকে গতকাল দুপুরে এ তথ্য জানানো হয়েছে। 

ট্রাকের মালিক আল ইমরান ওরফে সাবলু বগুড়ার শিবগঞ্জ উপজেলার লস্করপুর মধ্যপাড়া মৃত আবু তালেবের ছেলে। ট্রাকচালক আনিছার মণ্ডল একই এলাকার সর্দারপাড়া গ্রামের মৃত আহম্মদ মণ্ডলের ছেলে। এছাড়া চোরাই পণ্যের ক্রেতা সাইফুল ইসলাম গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার বাগদাবাজার এলাকার মৃত ফজেল হকের ছেলে। 

এ বিষয়ে হাকিমপুর থানার ওসি আবু সায়েম মিয়া জানান, রানা ট্রেডার্সের স্বত্বাধিকারী মোয়াজ্জেম হোসেনের সাড়ে ১৫ টন ভুট্টা গত ২৫ জানুয়ারি হিলি স্থলবন্দর থেকে লোড নেয় ট্রাকচালক আনিছার মণ্ডল। ঢাকা আন্তঃজেলা ট্রান্সপোর্টের মাধ্যমে ভুট্টাগুলো ঢাকার সাভারে পৌঁছে দেয়ার কথা ছিল, কিন্তু গন্তব্যে না গিয়ে পণ্যসহ লাপাত্তা হয়ে যায় ট্রাকচালক। 

বিষয়টি থানায় জানানো হলে তথ্যপ্রযুক্তির মাধ্যমে ট্রাকচালক ও মালিককে শনাক্ত করা হয়। পরবর্তী সময়ে বগুড়ার মোকামতলা ও গাইবান্ধার গোবিন্দগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে প্রথমে ট্রাকের মালিক আল ইমরানকে আটক করে পুলিশ। তার দেয়া তথ্যমতে ট্রাকচালক আনিছারকে ধরা হয়। তাদের দুজনের স্বীকারোক্তির মাধ্যমে গোবিন্দগঞ্জের বাগদা এলাকা থেকে ৭ হাজার ৮০০ কেজি ভুট্টা উদ্ধার এবং ক্রেতা সাইফুলকে আটক করা হয়। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।