সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, দেশের সর্বস্তরে জনকল্যাণমূলক ও উন্নয়নমুখী কার্যক্রম বাস্তবায়নের কাজ এগিয়ে নেয়া হচ্ছে। আজ শনিবার বেলা সাড়ে এগারোটায় দিনাজপুরের হাকিমপুর উপজেলার এক নম্বর খট্টা মাধবপাড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত কর্মী সম্মেলন ও মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, সরকারি সব ধরনের সুযোগ-সুবিধা ও সাহায্য-সহযোগিতা সাধারণ মানুষের মধ্যে সম্পূর্ণ স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে বণ্টন করা হচ্ছে। দেশের জনগণের মৌলিক অধিকার বাস্তবায়নে সরকার প্রতিটি ক্ষেত্রে দায়িত্বশীলতার সঙ্গে কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
তিনি প্রত্যেক পাড়া, মহল্লা, ওয়ার্ড ও ইউনিয়নে বিএনপির কর্মী বাড়ানোর জন্য নেতাকর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার তাগিদ দেন।
এছাড়া, দরিদ্র ও সমাজে অনগ্রসর পরিবারের শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা প্রদান এবং সরকারি সহযোগিতা সঠিকভাবে বণ্টনের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
মন্ত্রী আরো বলেন, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের গড়া দেশের সর্ববৃহৎ দল বিএনপি সবসময় ঐক্যের রাজনীতিতে বিশ্বাস করে। বিএনপি কখনো একা চলার বা বিভাজনের রাজনীতিতে বিশ্বাস করে না। ধর্ম-বর্ণ নির্বিশেষে সব শ্রেণি-পেশার মানুষকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে দেশ এগিয়ে নেয়ার পক্ষে তারা কাজ করে যাচ্ছে।
সমাজে নৈতিকতা ও মূল্যবোধের অবক্ষয় রোধে ইমাম, মুয়াজ্জিন ও কওমি মাদ্রাসার শিক্ষকদের অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
পরাজিত স্বৈরাচারী শক্তির দোসররা গোপনে সংগঠিত হয়ে বিভিন্নভাবে বিশেষ করে হোয়াটসঅ্যাপে উসকানিমূলক বার্তা ছড়িয়ে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে উল্লেখ করে তিনি বলেন, তাদের বিরুদ্ধে দেশের তৃণমূল পর্যায় পর্যন্ত বিএনপির প্রত্যেক নেতাকর্মী এবং সব গণতান্ত্রিক নাগরিককে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
তিনি জানান, বিগত বছরগুলোতে যারা দেশের সাধারণ মানুষের ওপর অত্যাচার, গুম, খুন, সন্ত্রাস ও লুটপাট চালিয়েছে, তাদের প্রত্যেককে প্রচলিত আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করা হবে। সেই লক্ষ্য বাস্তবায়নে সরকার কাজ করে যাচ্ছে।
ইউনিয়ন বিএনপির সভাপতি শামসুল ইসলামের সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন খট্টা মাধবপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন চৌধুরী লাবু, উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী, হাকিমপুর পৌর বিএনপির সভাপতি ফরিদ খান, সাধারণ সম্পাদক নাজমুল হকসহ স্থানীয় মাধবপাড়া ইউনিয়ন বিএনপি ও এর সহযোগী অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীরা।
উল্লেখ্য, ডা. এ জেড এম জাহিদ হোসেন বর্তমানে দিনাজপুর-৬ নির্বাচনী এলাকার হাকিমপুর, বিরামপুর, নবাবগঞ্জ ও ঘোড়াঘাট এ চার উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভায় তৃণমূল নেতাকর্মী ও সাধারণ জনগণের সঙ্গে নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে একের পর এক মতবিনিময় সভা করে যাচ্ছেন।










