ভবিষ্যৎ সফরসূচি পরিকল্পনা (এফটিপি) ২০২৩ থেকে ২০২৭ সাল পর্যন্ত পাঁচ বছরে বাংলাদেশ খেলবে ৩৪টি টেস্ট। এছাড়া এফটিপি অনুযায়ী দ্বিপক্ষীয় সিরিজে ৫৯টি ওয়ানডে ও ৫৭টি টি২০ খেলবে বাংলাদেশ। গতকাল বৈশ্বিক ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি প্রকাশিত এফটিপিতে এসব তথ্য জানানো হয়।
আইসিসি এফটিপি প্রকাশ করে জানায়, এ সময়ে ১২টি টেস্ট খেলুড়ে দেশ ৭৭৭টি আন্তর্জাতিক ম্যাচ খেলবে, যা গতবারের চেয়ে বেশি। ১৭৩ টেস্টের সঙ্গে রয়েছে ২৮১টি ওয়ানডে ও ৩২৩টি টি২০। গতবার এ সময়ে মোট ম্যাচ হয়েছিল ৬৯৪টি।২০০৩ সালের পর প্রথমবার অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে যাবে বাংলাদেশ। এফটিপি অনুযায়ী ২০২৭ সালে হবে সেই সিরিজ। তবে ইংল্যান্ডে এবারো কোনো টেস্ট সিরিজ নেই বাংলাদেশের। ২০১০ সালে সবশেষ দেশটিতে এ সংস্করণে খেলতে গিয়েছিল তারা। ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ খেলবে মাত্র দুটি। ২০২৭ সালে দেশের মাটিতে ওই টেস্ট সিরিজ দিয়ে শেষ হবে বাংলাদেশের এফটিপি।
২০২৩ সালের মে মাস থেকে শুরু হতে যাওয়া এ সূচিতে দ্বিপক্ষীয় সিরিজ সবচেয়ে বেশি ম্যাচ খেলবে বাংলাদেশ। সংখ্যায় ১৫০। সবচেয়ে বেশি ৪৩টি দ্বিপক্ষীয় টেস্ট খেলবে ইংল্যান্ড। বাংলাদেশ খেলবে সবচেয়ে বেশি ৫৯টি দ্বিপক্ষীয় ওয়ানডে, ওয়েস্ট ইন্ডিজ খেলবে সবচেয়ে বেশি ৭৩ টি২০। বাংলাদেশের এফটিপি শুরু হবে আয়ারল্যান্ড সফর দিয়ে। সফরে তিনটি ওয়ানডে ও চারটি টি২০ খেলবে দুদেশ।










