কুমিল্লার চৌদ্দগ্রামে পূর্বশত্রুতার জেরে এসএসসি পরীক্ষার্থী মো. আতিককে পিটিয়ে হত্যার ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে র্যাব ও পুলিশ। গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন— চৌদ্দগ্রাম পৌরসভার সোনাকাটিয়া গ্রামের জয়নাল আবেদীন ও মো. হোসেন।
র্যাব-১১ কুমিল্লার অধিনায়ক মাহমুদুল হাসান ও চৌদ্দগ্রাম থানার ওসি মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ জানান, ৩ ফেব্রুয়ারি রাতে চৌদ্দগ্রামের সোনাকাটিয়া গ্রামে আতিককে লোহার রড ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
পুলিশ ও র্যাব জানায়, আতিকের এক বন্ধুর সঙ্গে একটি মেয়ের সম্পর্ক ছিল। গত অক্টোবরে তারা পালিয়ে বিয়ে করেন। পরে মেয়ের মা থানায় অপহরণের অভিযোগে মামলা করেন। পুলিশ মেয়েটিকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে। এ ঘটনায় দুই পরিবারের মধ্যে উত্তেজনা তৈরি হয়। এর জেরে আতিকের ওপর হামলা হয় বলে অভিযোগ করা হয়েছে।
ঘটনার পর আতিকের বাবা বাদী হয়ে তিনজনের নাম উল্লেখ করেন এবং অজ্ঞাতনামা আরো ৫-৬ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। মামলার তদন্তে নেমে র্যাব তথ্যপ্রযুক্তির সহায়তায় চট্টগ্রামের এ কে খান বাসস্ট্যান্ড থেকে জয়নাল আবেদীনকে গ্রেফতার করে। পরে পুলিশ অভিযান চালিয়ে মো. হোসেনকে গ্রেফতার করে।
চৌদ্দগ্রাম থানার ওসি বলেন, গ্রেফতার হওয়া দুই ব্যক্তি প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। শনিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে তাদের আদালতে হাজির করা হলে বিচারক তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।










