নেপালকে ফাইনালে ৪৫-৩১ পয়েন্টে হারিয়ে বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডির শিরোপা জিতল বাংলাদেশ। এ নিয়ে টানা চার আসরে চ্যাম্পিয়ন হলো লাল-সবুজরা। এবার অপরাজিত চ্যাম্পিয়ন হলো স্বাগতিকরা। চারটি টুর্নামেন্ট মিলে টানা ২৪ ম্যাচে অপরাজিত বাংলাদেশ।

স্বাগতিকরা প্রথম রেইড থেকেই কোর্টের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। মাত্র ৮ মিনিটে আসে প্রথম লোনা। প্রথমার্থে ২৪-১০ পয়েন্টে এগিয়ে থাকা স্বাগতিকরা শেষ পর্যন্ত ৪৫-৩১ পয়েন্টে জয়লাভ করে। ফাইনালে ঘনশ্যাম রোকা মাগারকে কড়া মার্কিংয়ে রাখায় স্বাভাবিক খেলাটা খেলতে পারেননি। তার পরও সাত ম্যাচের মধ্যে পাঁচবার ম্যাচসেরা হয়ে পেয়েছেন আসরের সেরা খেলোয়াড়ের স্বীকৃতি। বাংলাদেশের মিজানুর রহমান হয়েছেন টুর্নামেন্ট সেরা রেইডার, রোমান হোসেন হয়েছেন সেরা ক্যাচার।

ফাইনালের সেরা খেলোয়াড় বাংলাদেশ অধিনায়ক আরদুজ্জামান মুন্সী বলেছেন, ‘এবার আমাদের দলটা আগের তিন আসরের চেয়ে গোছালো, শুরু থেকে এক দল হয়ে খেলতে পারায় প্রতিটি ম্যাচ বড় ব্যবধানে জিততে পেরেছি। কোরিয়া, জাপান, কেনিয়ার মতো বড় দল থাকলেও আমরা চাপমুক্ত থেকে খেলার চেষ্টা করেছি, সেভাবেই সফল হয়েছি।’

বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডির আগের তিন আসরের মধ্যে প্রথম দুইবার (২০২১ ও ২০২২) কেনিয়াকে (৩৮-২৮ ও ৩৪-৩১) এবং ২০২৩ সালে চাইনিজ তাইপেকে ৪২-২৮ পয়েন্টে হারিয়ে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ।

ফাইনাল শেষে কাবাডি ফেডারেশনের সভাপতি ও আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে বিজয়ীদের পুরস্কৃত করেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। উপস্থিত ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী নাহিদ ইজাহার খান, কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক ও ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাবিবুর রহমান প্রমুখ।