বান্দরবানের লামায় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার ফাইতং ইউনিয়নের বাঙালিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। বুনোহাতির আক্রমণ ও গরু চুরি ঠেকাতে একটি গাছের ওপর করা টং ঘরে পাহারা দেয়ার সময় বজ্রপাতে তাদের মৃত্যু হয়। মারা যাওয়া দুই কৃষক হলেন ওই পাড়ার মো. এনাম (৪৫) ও শহিদুল ইসলাম (২০)।
স্থানীয়দের বরাত দিয়ে ফাইতং ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের মহিলা সদস্য হ্লায়েনছেন মারমা জানান, সোমবার রাতে ঝড়-বৃষ্টির সময় বাঙালিপাড়ার দুই কৃষক একটি সেগুন গাছের ওপর করা টং ঘরে অবস্থান নিয়ে হাতি পাহারা দিচ্ছিলেন। গতকাল ভোরে তারা বাড়িতে ফিরে না আসায় স্বজনরা ওই টং ঘরে খুঁজতে গিয়ে তাদের মৃত অবস্থায় উদ্ধার করে। বিষয়টি নিশ্চিত করেছেন লামা থানার উপপরিদর্শক মো. রফিক।









