দৈনিক ইনকিলাব পত্রিকার যশোর ব্যুরো প্রধান ও বিশেষ সংবাদদাতা মিজানুর রহমান তোতা (৬৫) আর নেই (ইন্নালিল্লাহি ... রাজিউন)। গতকাল সকাল ৭টার দিকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। করোনায় আক্রান্ত হয়ে ৩ জুলাই তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

যশোর ২৫০ শয্যা হাসপাতালের চিকিৎসক আরিফুল ইসলাম জানিয়েছেন, সাংবাদিক মিজানুর রহমান করোনায় আক্রান্ত ছিলেন। এছাড়া তার মস্তিষ্কেও রক্তক্ষরণ হয়েছিল। তিনি হাসপাতালের আইসিইউতে ভর্তি ছিলেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মৃত্যুকালে তিনি এক ছেলে, দুই মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল বাদ জোহর শহরের পালবাড়ি জামে মসজিদে জানাজা শেষে খয়েরতলায় পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে। এর আগে সাংবাদিকদের বিভিন্ন সংগঠন তার প্রতি শেষ শ্রদ্ধা জ্ঞাপন করে।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রেস ক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, সম্পাদক আহসান কবীরসহ বিভিন্ন ব্যক্তি।