ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে এখন পর্যন্ত ৫ লাখ ৩ হাজার ৪৪১ প্রবাসী বাংলাদেশী ভোট দিয়েছেন। তাদের মধ্যে গতকাল পর্যন্ত ৪ লাখ ২৮ হাজার ৮২৮টি পোস্টাল ব্যালট ডাকযোগে দেশে পৌঁছেছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) ওসিভি-এসডিআই প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান।
এদিকে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে প্রবাসী যেসব বাংলাদেশী ভোটের নিবন্ধন করেছেন, তাদের আগামীকাল মধ্যরাতের মধ্যে ভোট দিতে হবে। বাংলাদেশ সময় মঙ্গলবার রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে ভোট জমা না পড়লে নিবন্ধনকারীর ব্যালট পেপার বাতিল বলে গণ্য হবে জানিয়েছে ইসি। দেশে ও দেশের বাইরে থেকে ১৫ লাখ ৩৩ হাজার ভোটার এবার পোস্টাল ব্যালটে ভোট দেয়ার জন্য নিবন্ধন করেছেন, যাদের অর্ধেকের বেশি প্রবাসী। ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে প্রবাসী বাংলাদেশী ভোটারের পাশাপাশি দেশের ভেতরে তিন ধরনের ব্যক্তি নিবন্ধন করেছেন। নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যক্তি, নিজ এলাকার বাইরে কর্মরত সরকারি চাকরিজীবী এবং আইনি হেফাজতে (কারাগারে) থাকা ভোটারদের এবার পোস্টাল ব্যালটে ভোট দেয়ার সুযোগ রয়েছে।
আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে সামনে রেখে মোট ৭ লাখ ৬৬ হাজার ৮৬২ প্রবাসীকে পোস্টাল ব্যালট পাঠিয়েছে নির্বাচন কমিশন। গতকাল সকাল পর্যন্ত ব্যালট হাতে পেয়েছেন ৫ লাখ ২৭ হাজার ৪৫০ প্রবাসী।
পোস্টাল ব্যালটের অ্যাপের তথ্য বলছে, এরই মধ্যে ৫ লাখ ৩ হাজার ৪৪১ জন প্রবাসী ভোট দিয়েছেন। তার মধ্যে ৪ লাখ ৮৪ হাজার ৭৬৫ জন ভোট দিয়ে সংশ্লিষ্ট দেশের পোস্ট অফিস বা ডাক বাক্সে জমা দিয়েছেন। তবে পোস্টাল ভোটে নিবন্ধনকারী যেসব ভোটার এখনো কিউআর কোড স্ক্যান করেননি, বাংলাদেশ সময় আগামীকাল মঙ্গলবার রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে খামের ওপর মুদ্রিত কিউআর কোড স্ক্যান করতে বলা হয়েছে। নির্বাচন কমিশন বলছে, ভোটদান সম্পন্ন করে পোস্ট অফিসে খাম মঙ্গলবারের মধ্যে জমা দিলে সঠিক সময়ে রিটার্নিং কার্যালয়ে পৌঁছানো সম্ভব। আর ভোটের দিন বিকাল সাড়ে ৪টার মধ্যে রিটার্নিং অফিসারের কার্যালয়ে যাদের ব্যালট পেপার পৌঁছবে, তাদের ব্যালট গণনা করা হবে। বাকিগুলো বাতিল বলে গণ্য হবে।










