রাজশাহী নগরীর বস্তি এলাকার ৯ শতাংশ শিশু অপুষ্টিতে ভুগছে। কন্যাশিশুর চেয়ে বেশি অপুষ্টির শিকার ছেলেশিশুরা। নিজেদের জরিপের পরিপ্রেক্ষিতে গতকাল পাঁচ বছরের কম বয়সী শিশুদের পুষ্টি মূল্যায়নবিষয়ক কার্যক্রমের ফল প্রকাশ করেছে রাজশাহী সিটি করপোরেশনের স্বাস্থ্য দপ্তর।

সেভ দ্য চিলড্রেনের কারিগরি সহায়তায় সম্প্রতি নগরীর ৭, ১৫ ও ২৭ নম্বর ওয়ার্ডের বস্তি এলাকার ৩ হাজার ১৮৪ শিশুর ওপর এ গবেষণা চালানো হয়েছে। নগর জনস্বাস্থ্য ব্যবস্থা শক্তিশালীকরণ প্রকল্পের আওতায় পরিচালিত এ কার্যক্রমে আর্থিক সহায়তা দেয় ইউএস সিডিসি।

নগর ভবনের সরিৎ দত্তগুপ্ত সভাকক্ষে গতকাল আয়োজিত সংবাদ সম্মেলনে রাসিকের জনস্বাস্থ্য রোগতত্ত্ববিদ ডা. তামান্না বাসার জানান, বিশেষ এ জরিপে অংশ নেয়া ৩ হাজার ১৮৪ শিশুর সঠিক ওজন ও উচ্চতা যাচাই করা হয়েছে। অপুষ্টি কী, পুরিপূরক খাবার ও কোন বয়সে কী পরিমাণ খাবার খেতে হবে, সে সম্পর্কে ধারণাও দেয়া হয়েছে তাদের মা-বাবাকে। অপুষ্টি আক্রান্ত শিশুদের মাঝে ২৪ হাজার ৭৫০ পুষ্টি প্যাক সরবরাহ করা হয়েছে। এ ক্যাম্পেইনের মাধ্যমে ছয় মাস থেকে পাঁচ বছর বয়সের শিশুদের বয়সের সঙ্গে বেড়ে ওঠা স্ক্রিনিং ও পুষ্টি কার্ড বিতরণ করা হয়েছে।

এর আগে শিশুদের পুষ্টি মূল্যায়নবিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন রাসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগম। সভায় রাসিকের সিটি হাসপাতালের (আবাসিক) মেডিকেল অফিসার ডা. তারিকুল ইসলাম বনি, ডা. আমিনা ফেরদৌস, ভেটেরিনারি সার্জন ড. ফরহাদ উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।