আন্তর্জাতিক বাজারে আবারো বেড়েছে অ্যালুমিনিয়ামের দাম। সর্বশেষ কার্যদিবসে ধাতব পণ্যটির বাজারদর টনপ্রতি প্রায় ৩ হাজার ডলারে উঠে আসে। মূলত লন্ডন মেটাল এক্সচেঞ্জের (এলএমই) ওয়্যারহাউজগুলোয় পণ্যটির মজুদ কমে যাওয়ায় বাজারে এমন ঊর্ধ্বমুখী প্রবণতা তৈরি হয়েছে। খবর বিজনেস রেকর্ডার।
এদিকে ব্যবসায়ীরা মনে করছেন, জ্বালানি পণ্যের দাম বাড়তে থাকায় বিগলন প্রতিষ্ঠানগুলো উৎপাদন কমিয়ে আনতে বাধ্য হচ্ছে। এ কারণে সরবরাহ সংকটের উদ্বেগ ক্রমেই তীব্র হচ্ছে।
তথ্য বলছে, এলএমইতে আন্তর্জাতিক বাজার আদর্শ অ্যালুমিনিয়ামের দাম সর্বশেষ কার্যদিবসে দশমিক ৩ শতাংশ বেড়েছে। প্রতি টনের মূল্য স্থির হয়েছে ২ হাজার ৯৩০ ডলারে। এছাড়া চলতি সপ্তাহে পণ্যটির দাম বেড়েছে প্রায় ৪ দশমিক ৫ শতাংশ, যা গত বছরের অক্টোবরের রেকর্ড সর্বোচ্চ দামের চেয়েও বেশি। এদিকে গত বছরজুড়ে ব্যবহারিক ধাতুটির গড় দাম বেড়েছে ৪২ শতাংশ।
সংশ্লিষ্ট সূত্র জানায়, এলএমইর নিবন্ধিত ওয়্যারহাউজগুলোয় বিদায়ী বছরের ১৪ ডিসেম্বর নাগাদ অ্যালুমিনিয়ামের মজুদ ৮ লাখ ৬১ হাজার ৮০০ থেকে কমে ৫ লাখ ৩৬ হাজার ১৭৫ টনে নেমেছে। এটি ২০০৫ সালের পর সর্বনিম্ন মজুদ।
ব্যাংক অব আমেরিকার পূর্বাভাস অনুযায়ী, ২০২৪ সালের মধ্যে আন্তর্জাতিক বাজারে অ্যালুমিনিয়ামের ঘাটতি বেড়ে ২৭ লাখ টনে উন্নীত হতে পারে। তখন ব্যবহারিক ধাতুটির দাম বেড়ে টনপ্রতি ৩ হাজার ৫০০ ডলারের গণ্ডি অতিক্রম করতে পারে। প্রতিষ্ঠানটি জানায়, বিগলন কেন্দ্রগুলোয় মোট উৎপাদন ব্যয়ের ৬০ শতাংশই জ্বালানি ব্যবহারে খরচ হয়। কিন্তু বর্তমানে জ্বালানি পণ্যের ঊর্ধ্বমুখী দাম বিগলন প্রতিষ্ঠানগুলোর জন্য বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। অনেক প্রতিষ্ঠানই ঊর্ধ্বমুখী ব্যয় সামাল দিতে না পেরে অ্যালুমিনিয়াম উৎপাদন কমিয়ে দিচ্ছে।










