বাণিজ্যিকভাবে ওয়্যারইবিএল পেমেন্ট ডিভাইস উদ্বোধন করেছে ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল)। পরে ডিভাইসগুলো গ্রাহকদের হাতে তুলে দেয়া হয়।বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) গুলশানস্থ ব্যাংকটির প্রধান কার্যালয়ে আগে থেকেই প্রি বুক করে রাখা গ্রাহকদের হাতে এ ডিভাইস তুলে দেয়া হয়।

চলতি বছরের সেপ্টেম্বর মাসে ভিসা এবং মাস্টারকার্ডেও সহায়তায় ইবিএল বাংলাদেশে প্রথমবারের মতো এই জাতীয় পেমেন্ট ডিভাইস চালুর ঘোষণা দেয়।

অনুষ্ঠানে ব্যাংকের কর্মকর্তারা জানান, আংটি, ফোন গ্রীপ রিস্টব্যান্ড, ফোরস প্লীজ ইত্যাদি এ ডিভাইস পাওয়া যাচ্ছে। এই ডিভাইসগুলো মূলত ক্রেডিট কার্ডের মত, তবে গ্রাহকরা তাদের প্রতিদিনকার জীবনে এগুলো ব্যবহার করতে পারবে। ডিভাইসগুলোর সেটআপ প্রক্রিয়া গ্রাহক-বান্ধব এবং এগুলোকে গ্রাহকদের ইবিএল প্রিমিয়াম ক্রেডিট কার্ডের সঙ্গে নিরবিচ্ছিন্নভাবে সমন্বয় করা হয়েছে। কন্ট্যাক্টলেস পেমেন্ট সুবিধা সংবলিত ডিভাইসগুলো গ্রাহকদের জন্য নির্ঝঞ্ঝাট এবং নিরাপদ পেমেন্ট অভিজ্ঞতা নিশ্চিত করবে।

ইবিএল মাস্টারকার্ড টাইটানিয়াম, ওয়ার্ল্ড, ভিসা প্লাটিনাম, সিগনেচার এবং ইনফিনিট কার্ডধারীরা তাদের পছন্দের ডিভাইসটি বুক করতে পারবেন। এর মাধ্যমে তারা বিশ্বব্যাপী বিস্তৃত ইবিএল পার্টনার নেটওয়ার্কের মাধ্যমে কোনো বিঘ্ন ছাড়াই পেমেন্ট সুবিধা পাবেন।

ইস্টার্ন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আহমেদ শাহীন বলেন, "নির্ঝঞ্ঝাট, নিরাপদ এবং দক্ষ লেনদেনের ক্ষেত্রে ইবিএলের ওয়্যারইবিএল ডিভাইসগুলো নতুন দিগন্তে সূচনা করতে যাচ্ছে। গ্রাহকদের জীবনের সঙ্গে নিরবিচ্ছিন্নভাবে সমন্বয় করার অঙ্গীকার নিয়ে এই ডিভাইসগুলো সর্বোচ্চ নির্ভুলভাবে ডিজাইন করা হয়েছে। আর্থিক প্রযুক্তি ও অন্তর্ভুক্তির ক্ষেত্রে ওয়্যারইবিএল ডিভাইস একটি উল্লেখযোগ্য অগ্রগতি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইস্টার্ন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক এম. খোরশেদ আনোয়ার, প্রধান প্রযুক্তি কর্মকর্তা জাহিদুল হক, ডিজিটাল আর্থিক সেবা বিভাগ প্রধান আহসান উল্লাহ্ চৌধুরী, কম্যুনিকেশন্স ও এক্সটারনাল এফেয়ার্স বিভাগ প্রধান জিয়াউল করিম এবং কার্ড বিভাগ প্রধান তাসনীম হোসেনসহ অনেকে।