পরিবার পরিকল্পনা ও সামাজিক পরিবর্তনে উদ্ভাবনী কাজের স্বীকৃতি হিসেবে ‘পাওয়ার অব ফ্যামিলি প্ল্যানিং অ্যাওয়ার্ড’ পেয়েছে ডাচ-বাংলাদেশী প্রতিষ্ঠান রেডঅরেঞ্জ কমিউনিকেশনস। সম্প্রতি কলম্বিয়ার বোগোটায় অনুষ্ঠিত আন্তর্জাতিক ফ্যামিলি প্ল্যানিং সম্মেলনে (আইসিএফপি) প্রতিষ্ঠানটি এ মর্যাদাপূর্ণ পুরস্কারে ভূষিত হয়।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিশ্বজুড়ে প্রজনন স্বাস্থ্য ও সামাজিক পরিবর্তনে যারা ইতিবাচক ভূমিকা রাখছে, এমন ১১টি প্রতিষ্ঠানকে চলতি বছর এ স্বীকৃতি দেয়া হয়েছে। এর মধ্যে একমাত্র বাংলাদেশী প্রতিষ্ঠান হিসেবে পুরস্কার পেয়েছে রেডঅরেঞ্জ।
রেডঅরেঞ্জ এ সম্মাননা অর্জন করেছে তাদের উদ্ভাবিত ‘ফাইভ ফর ওয়ান’ নামে একটি বিশেষ মডেলের জন্য। এটি মানুষের সামাজিক ও আচরণগত পরিবর্তন আনার একটি কার্যকর যোগাযোগ পদ্ধতি। এ মডেলের মূল ধারণা হলো— সমাজে টেকসই পরিবর্তন আনার জন্য পাঁচটি শক্তিকে একসঙ্গে কাজে লাগাতে হবে। এগুলো হলো— লক্ষ্যভিত্তিক যোগাযোগ, কমিউনিটির সক্রিয় অংশগ্রহণ, স্বাস্থ্য ব্যবস্থাকে প্রয়োজনীয় সহায়তা দেয়া, ব্যবসা প্রতিষ্ঠানকে যুক্ত করা এবং কম খরচে নতুন ও কার্যকর সমাধান তৈরি করা।
রেডঅরেঞ্জ প্রমাণ করেছে, এ পাঁচ দিক একসঙ্গে প্রয়োগ করলেই সমাজে স্থায়ী পরিবর্তন আনা সম্ভব।
‘পাওয়ার অব ফ্যামিলি প্ল্যানিং অ্যাওয়ার্ড’ দেয়া হয় এমন প্রতিষ্ঠানগুলোকে, যারা কম খরচে উদ্ভাবনী সমাধানের মাধ্যমে মানুষের জীবন বদলে দিচ্ছে। এটি প্রমাণ করে, পরিবার পরিকল্পনা শুধু স্বাস্থ্য নয়, বরং উন্নত জীবন, মানবাধিকার ও সামাজিক সহনশীলতা প্রতিষ্ঠার গুরুত্বপূর্ণ হাতিয়ার।
রেডঅরেঞ্জের ব্যবস্থাপনা পরিচালক অর্ণব চক্রবর্তী বলেন, এ সম্মাননা তাদের দলের জন্য এক বিশাল প্রেরণা। তিনি বলেন, মানুষের কথা মন দিয়ে শুনলে ও সহানুভূতিশীলভাবে কাজ করলে প্রকৃত পরিবর্তন আনা সম্ভব। তিনি আরো বলেন, সবাই একসঙ্গে কাজ করলে যোগাযোগের শক্তিতেই মানুষের জীবন বদলানো সম্ভব।
—বিজ্ঞপ্তি










