তালিকাভুক্ত প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের ঋণমান দীর্ঘমেয়াদে ‘ত্রিপল এ’ এবং স্বল্পমেয়াদে ‘এসটি-১’। ব্যাংকটির সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২২ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, চলতি ২০২৩ হিসাব বছরের প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং প্রাসঙ্গিক অন্যান্য গুণগত ও পরিমাণগত তথ্যের ভিত্তিতে এ প্রত্যয়ন করেছে আরগুস ক্রেডিট রেটিং সার্ভিসেস লিমিটেড (এসিআরএসএল)। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২৩ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) প্রিমিয়ার ব্যাংকের সমন্বিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৬৪ পয়সা। এর আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৫৯ পয়সা। এ বছরের ৩১ মার্চ শেষে ব্যাংকটির সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২২ টাকা ২৮ পয়সায়। 

সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২২ হিসাব বছরের জন্য মোট ২০ শতাংশ লভ্যাংশের সুপারিশ করেছে ব্যাংকটির পর্ষদ। এর মধ্যে সাড়ে ১২ শতাংশ নগদ ও সাড়ে ৭ শতাংশ স্টক লভ্যাংশ রয়েছে। আলোচ্য হিসাব বছরে ব্যাংকটির সমন্বিত ইপিএস হয়েছে ৩ টাকা ৪২ পয়সা। এর আগের হিসাব বছরে যা ছিল ২ টাকা ৮৬ পয়সা (পুনর্মূল্যায়িত)। গত বছরের ৩১ ডিসেম্বর শেষে ব্যাংকটির সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়ায় ২১ টাকা ৬৪ পয়সায়। আগের হিসাব বছর শেষে যা ছিল ১৯ টাকা ৪৯ পয়সায় (পুনর্মূল্যায়িত)। 

৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের মোট সাড়ে ২২ শতাংশ লভ্যাংশ দিয়েছে প্রিমিয়ার ব্যাংক। এর মধ্যে সাড়ে ১২ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ রয়েছে।