এসেট ম্যানেজমেন্ট ফার্ম ব্যবসার নীতিমালাকে শিথিল করতে যাচ্ছে জাপান। নতুন ব্যবসায়ী তৈরি ও খাতটির সম্প্রসারণে এ উদ্যোগ নেয়া হয়েছে। দেশটির আর্থিক তদারকি প্রতিষ্ঠান ফাইন্যান্সিয়াল সার্ভিস এজেন্সি (এফএসএ) এ তথ্য নিশ্চিত করেছে। খবর রেগুলেশন এশিয়া।
নতুন নীতিমালার মাধ্যমে প্রতিষ্ঠানগুলো কেবল বিনিয়োগের দিকে মনোযোগ দেয়ার সুযোগ পাবে বলে মনে করছেন বিশ্লেষকরা। আগের নীতিমালায় কোম্পানির জন্য তহবিলের হিসাব, মাসিক প্রতিবেদন ও কর্মবিবরণী প্রকাশ করা আবশ্যক ছিল। কিন্তু নতুন আইনে পরিবর্তন আসবে। প্রতিষ্ঠানগুলোর প্রশাসনিক কাজ অন্য এমন কোম্পানিকে দিয়ে করিয়ে নিতে পারবে, যারা কেবল এ কাজের জন্য পরিচিত। সেক্ষেত্রে গুণগত মান পর্যবেক্ষণ করবে এফএসএ।
জাপানের শিল্প খাতের বড় অংশজুড়ে রয়েছে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি। নীতিমালা নিয়ে সমালোচনা থাকলেও এফএসএ মনে করে, এ আইন অ্যাসেট ম্যানেজমেন্ট খাতে প্রতিযোগিতা ও বিনিয়োগ বাড়াবে।
নীতিমালার এ পরিবর্তনের মাধ্যমে জাপানের এসেট ম্যানেজমেন্ট ব্যবসায় নতুন মাত্রা আসবে বলে দাবি করেছে এফএসএ। জাপান সরকার এসেট ম্যানেজমেন্ট ব্যবসা সম্প্রসারণ নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। বাজারে প্রবেশ করার ক্ষেত্রে কর্মপ্রতিবেদন ও অন্যান্য ক্ষেত্রে কাজের জন্য নিয়োগ নিয়ে নানা রকম ঝামেলা পোহাতে হয়। নতুন আইন বাস্তবায়নে সরকার কিছু পদক্ষেপ হাতে নিয়েছে। এর মাধ্যমে দেশটির এসেট ম্যানেজমেন্ট খাতের আকার ৫ দশমিক ২৮ ট্রিলিয়ন ডলার হবে, যা দেশটির জিডিপির ১৪০ শতাংশ। এসেট ম্যানেজমেন্ট খাতের আকার যুক্তরাষ্ট্রের জিডিপির ২০০ শতাংশ এবং যুক্তরাজ্যে ৪০০ শতাংশ।










