ফিউচারস মার্কেটে জাপানি রাবারের দাম বেড়ে ছয় সপ্তাহের সর্বোচ্চে উঠেছে। মূলত চীনের বাণিজ্যিক শহর সাংহাইয়ে কভিড-১৯ জনিত লকডাউন উঠে যাওয়ার খবরে বাজার ঊর্ধ্বমুখী হয়ে ওঠে। এ খবর বাজারে রাবারের চাহিদাকে শক্তিশালী করে তুলবে বলে মনে করছেন বাজারসংশ্লিষ্টরা। এছাড়া টোকিও স্টক মার্কেট ও স্থানীয় সেবা খাতের তথ্য বাজারকে আরো চাঙ্গা করে তুলবে বলে ধারণা করা হচ্ছে। খবর বিজনেস রেকর্ডার।

ওসাকা এক্সচেঞ্জে নভেম্বর সরবরাহ চুক্তিতে প্রাকৃতিক রাবারের দাম ৩ দশমিক ৩ ইয়েন বা ১ দশমিক ৩ শতাংশ বেড়েছে। প্রতি কেজির মূল্য স্থির হয়েছে ২৫৯ দশমিক ৮ ইয়েনে (২ ডলার)। এর আগে দাম কেজিপ্রতি ২৬০ দশমিক ২ ইয়েনে পৌঁছে, যা ২২ এপ্রিলের পর সর্বোচ্চ। সংশ্লিষ্টরা বলছেন, এ নিয়ে টানা সাত কার্যদিবসের মতো দাম বেড়েছে। এদিকে বাজার আদর্শটির সাপ্তাহিক দাম ৪ দশমিক ৮ শতাংশ বেড়েছে। ১১ ফেব্রুয়ারির পর এটিই সর্বোচ্চ সাপ্তাহিক মূল্যবৃদ্ধি।