এসঅ্যান্ডপি গ্লোবাল রেটিংস কর্তৃক আবারো দেশসেরা ক্রেডিট রেটিং অর্জন করেছে ব্র্যাক ব্যাংক পিএলসি। আন্তর্জাতিক ক্রেডিট রেটিং সংস্থাটি ‘স্থিতিশীল’ আউটলুকের সঙ্গে দীর্ঘমেয়াদে ‘বি+’ ক্রেডিট রেটিং দিয়েছে, যা বাংলাদেশের সার্বভৌম রেটিংয়ের সমান। নয় বছর ধরে এ ধারাবাহিক স্বীকৃতি ব্র্যাক ব্যাংকের টেকসইতার প্রতিফলন।
এসঅ্যান্ডপি কর্তৃক প্রকাশিত সাম্প্রতিক এক প্রতিবেদন বলা হয়েছে, ব্র্যাক ব্যাংকের লক্ষণীয় মুনাফা, আয় ধরে রাখার ক্ষমতা ও পরিমিত ঋণ প্রবৃদ্ধি আগামী দুই বছর রিস্ক অ্যাডজাস্টেড ক্যাপিটাল (আরএসি) রেশিও বজায় রাখতে সহায়তা করবে। পাশাপাশি ফাইন্যান্সিয়াল প্রোফাইল ‘স্থিতিশীল’ থাকবে।
এছাড়া নন-পারফর্মিং লোনের অনুপাত আগামী ১২-১৮ মাসে ৩ দশমিক ১ থেকে ৩ দশমিক ৫ শতাংশের মধ্যে থাকবে বলে ওই প্রতিবেদনে আশা প্রকাশ করা হয়েছে। এ হার বাংলাদেশের ব্যাংক খাতে বিদ্যমান গড়ের তুলনায় উল্লেখযোগ্যভাবে কম।
ব্র্যাক ব্যাংকের ‘স্থিতিশীল’ আউটলুক সম্পর্কে এসঅ্যান্ডপি বলছে, বাংলাদেশের চ্যালেঞ্জিং অপারেটিং পরিস্থিতি স্থিতিশীলভাবে মোকাবেলা করতে পারবে ব্র্যাক ব্যাংক।
রেটিং সম্পর্কে ব্র্যাক ব্যাংকের এমডি ও সিইও তারেক রেফাত উল্লাহ খান বলেন, ‘আন্তর্জাতিক প্রতিষ্ঠান থেকে এমন মর্যাদাপূর্ণ স্বীকৃতি শুধু ব্র্যাক ব্যাংকের জন্যই বড় অর্জন নয়, বরং বৈশ্বিক অঙ্গনে বাংলাদেশের ব্যাংক খাতের জন্যও এক শক্তিশালী বার্তা।’—বিজ্ঞপ্তি










