ব্রেস্ট ক্যান্সার বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক্সপো গ্রুপ, বাংলাদেশ সম্প্রতি একটি বিশেষ কর্মসূচির আয়োজন করেছে। এসডিজি ৩ (সুস্বাস্থ্য ও কল্যাণ) ও এসডিজি ৫ (লিঙ্গ সমতা) লক্ষ্য বাস্তবায়নের অংশ হিসেবে এ আয়োজনটি নারীর স্বাস্থ্য, ক্ষমতায়ন ও সামাজিক সচেতনতা বৃদ্ধির প্রতি প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদি অঙ্গীকারের প্রতিফলন।

ইনার হুইল ক্লাব অব আনন্দলোক, ডিস্ট্রিক্ট ৩২৮-এর সহযোগিতায় ও গুলশানের হোটেল রেনেসাঁর আতিথ্য সহায়তায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইনার হুইল ডিস্ট্রিক্ট ৩২৮-এর চেয়ারম্যান জেসরিনা হায়দার। মূল প্রবন্ধ উপস্থাপন করেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালের স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যা বিভাগের অধ্যাপক ডা. ইসরাত জাহান (ইলা)।

এক্সপো গ্রুপের চিফ হিউম্যান রিসোর্সেস অফিসার আয়েশা সাঈদ বলেন, ব্রেস্ট ক্যান্সার সচেতনতা শুধু একদিনের বিষয় নয়; নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, সহমর্মিতা ও যত্নের সংস্কৃতি গড়ে তোলাই আমাদের লক্ষ্য।

প্রধান অতিথি জেসরিনা হায়দার বলেন, নিজে নিজে পরীক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ প্রতিরোধ সবসময় চিকিৎসার চেয়ে ভালো।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কয়েকজন স্তন ক্যান্সার জয়ী নারী। ‘প্রত্যেক গল্পই অনন্য, প্রত্যেক যাত্রাই গুরুত্বপূর্ণ’ এ থিমে বিশেষ অতিথিরা তাদের সাহস, সংগ্রাম ও পুনরুদ্ধারের অনুপ্রেরণামূলক গল্প শেয়ার করেন।

সমাপনী বক্তব্যে ইনার হুইল ক্লাব অব আনন্দলোকের সভাপতি মুশফিকা হোসেন বাবুনী এক্সপো গ্রুপের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন এক্সপো গ্রুপের বিজনেস কোঅর্ডিনেশন লিড ও ইনার হুইল ক্লাব অব আনন্দলোকের ভাইস প্রেসিডেন্ট–২ রুত্‌বা হাসান।

-বিজ্ঞপ্তি