দেশের পুঁজিবাজারে সপ্তাহের চতুর্থ কার্যদিবসে আজ বুধবার সূচকের বড় পতন হয়েছে। এদিন প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পাশাপাশি লেনদেনের পরিমাণও কমেছে। দেশের আরেক পুঁজিবাজার চট্টগাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) এদিন সূচকের পাশাপাশি লেনদেন কমেছে।

বাজার পর্যবেক্ষণে দেখা যায়, সকাল সাড়ে ৯টায় লেনদেনের শুরুতে সূচক ঊর্ধ্বমুখী থাকলেও ১০ মিনিট পরেই তা কমতে থাকে। মাঝে কয়েকবার সূচক উত্থানে ফিরলেও তা ধরে রাখতে পারেনি। দিনশেষে ডিএসইর সার্বিক সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৫০ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৪৮৭ পয়েন্টে দাঁড়িয়েছে।

অন্য সূচকগুলোর মধ্যে ডিএস-৩০ সূচক এদিন ২০ পয়েন্ট কমে ২ হাজার ৩৩৩ ও শরিয়াহ সূচক ডিএসইএস ৯ পয়েন্ট কমে ১ হাজার ৪১৮ পয়েন্টে দাঁড়িয়েছে।

আজ ডিএসইতে লেনদেন হওয়া ৩৭১টি কোম্পানি, মিউচুয়াল ফান্ড ও করপোরেট বন্ডের মধ্যে দর বেড়েছে ৭২টির, কমেছে ১৭৫টির এবং অপরবর্তিত রয়েছে ১২৪টি সিকিউরিটিজের বাজারদর। এদিন এক্সচেঞ্জটিতে ১ হাজার ৩০৭ কোটি ৭৮ লাখ টাকার সিকিউরিটিজ লেনদেন হয়েছে। যেখানে আগের দিন ১ হাজার ৪৮০ কোটি ৭ লাখ টাকার সিকিউরিটিজ লেনদেন হয়েছিল।

অন্যদিকে সিএসইর নির্বাচিত সূচক সিএসসিএক্স আজ ১০০ পয়েন্ট কমে ১১ হাজার ৪২৯ পয়েন্টে দাঁড়িয়েছে। আর সব শেয়ারের সূচক সিএএসপিআই ১৬৫ পয়েন্ট কমে ১৯ হাজার ৬৮ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ২৬২টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৪৩টির, কমেছে ১৪৭টির এবং অপরিবর্তিত ছিল ৭২টির বাজারদর।

সিএসইতে আজ ২১ কোটি ৪৯ লাখ টাকার সিকিউরিটিজ হাতবদল হয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ৩৫ কোটি ২ লাখ টাকা।