চলতি সপ্তাহের প্রথম তিন কার্যদিবসে পুঁজিবাজারে টানা পতন হলেও শেষের দুই কার্যদিবসে বাজার কিছুটা ঘুরে দাঁড়িয়েছে। এর মধ্যে সপ্তাহের শেষ দিনে গতকাল ডিএসইর সার্বিক সূচক ডিএসইএক্স বেড়েছে দশমিক ২৫ শতাংশ। সূচক বাড়লেও এক্সচেঞ্জটিতে দৈনিক লেনদেনের পরিমাণ কমেছে। দেশের আরেক পুঁজিবাজার সিএসইতেও গতকাল সূচক বাড়লেও লেনদেনের পরিমাণ কমেছে।
বাজার বিশ্লেষকরা বলছেন, এরই মধ্যে যেসব কোম্পানির শেয়ার দর বেড়েছে, তাদের আসন্ন আর্থিক ফলাফলকে সামনে রেখে বেশ কিছু বিনিয়োগকারী শেয়ার বিক্রি করে মুনাফা তুলে নিচ্ছেন। বৈশ্বিক ও দেশের অর্থনৈতিক পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য অনেকেই বর্তমানে সাইডলাইনে রয়েছেন। তাছাড়া বিনিময় হারে ঊর্ধ্বগতি ও চলতি হিসাবের ঘাটতির বিষয়ে সম্প্রতি কেন্দ্রীয় ব্যাংকের ডিসক্লোজারের কারণে বিনিয়োগকারীরা বাজারের ভবিষ্যৎ নিয়ে কিছুটা চিন্তিত। এতে পুঁজিবাজারে মিশ্র প্রবণতা পরিলক্ষিত হচ্ছে।
বাজার পর্যালোচনায় দেখা যায়, গতকাল সকাল সাড়ে ৯টায় লেনদেন শুরুর পর ৩০ মিনিট পর্যন্ত ইতিবাচক ছিল সূচক। এর পর থেকেই পয়েন্ট হারাতে শুরু করে সূচক। অবশ্য বেলা ১১টার পর আবারো ঊর্ধ্বমুখী ধারায় ফেরে পুঁজিবাজার। দিনভর উত্থান-পতন শেষে গতকাল আগের দিনের তুলনায় ১৭ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৫১৩ পয়েন্টে দাঁড়িয়েছে ডিএসইএক্স। এর আগের কার্যদিবসে যা ছিল ৬ হাজার ৪৯৬ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইর ব্লু-চিপ সূচক ডিএস-৩০ গতকাল ৭ পয়েন্ট বেড়ে ২ হাজার ৩৩০ পয়েন্টে দাঁড়িয়েছে। এর আগের দিন শেষে যা ছিল ২ হাজার ৩২৩ পয়েন্টে। শরিয়াহ সূচক ডিএসইএস গতকাল দিন শেষে ৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ৪১৯ পয়েন্টে অবস্থান করছে। এর আগের কার্যদিবসে যা ছিল ১ হাজার ৪১৫ পয়েন্টে। গতকাল সূচকের উত্থানে সবচেয়ে বেশি ভূমিকা ছিল বিকন ফার্মাসিউটিক্যালস, আইডিএলসি ফাইন্যান্স, ওরিয়ন ফার্মাসিউটিক্যালস, কোহিনূর কেমিক্যালস ও ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের শেয়ারের।
ডিএসইতে গতকাল ১ হাজার ২১৭ কোটি টাকার সিকিউরিটিজ লেনদেন হয়েছে। যেখানে এর আগের কার্যদিবসে লেনদেন ছিল ১ হাজার ৪৮৪ কোটি টাকা। গতকাল এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ৩৬৫টি কোম্পানি, মিউচুয়াল ফান্ড ও করপোরেট বন্ডের মধ্যে দিন শেষে দর বেড়েছে ৯৪টির, কমেছে ৮৫টির আর অপরিবর্তিত ছিল ১৮৬টি সিকিউরিটিজের বাজারদর।
সিএসইর নির্বাচিত সূচক সিএসসিএক্স গতকাল ৫ পয়েন্ট বেড়ে ১১ হাজার ৫০২ পয়েন্টে দাঁড়িয়েছে। এর আগের কার্যদিবসে যা ছিল ১১ হাজার ৪৯৭ পয়েন্টে। সিএসইর সব শেয়ারের সূচক সিএএসপিআই গতকাল ৯ পয়েন্ট বেড়ে ১৯ হাজার ১৮৯ পয়েন্টে দাঁড়িয়েছে। এর আগের কার্যদিবসে সূচকটির অবস্থান ছিল ১৯ হাজার ১৮০ পয়েন্টে। এদিন এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ২৪৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫৮টির, কমেছে ৭৬টির আর অপরিবর্তিত ছিল ১১১টির বাজারদর। গতকাল সিএসইতে ৮৭ কোটি টাকার সিকিউরিটিজ হাতবদল হয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ১০১ কোটি টাকা।










