চলতি মাসে নির্ধারিত চীনের জন্য তিনটি অনলাইন নিয়োগের ইভেন্ট বাতিল করেছে টেসলা। এর আগে মার্কিন গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কিছু অঞ্চলে অতিরিক্ত স্টাফের কথা বলে কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছেন। খবর রয়টার্স।
যদিও ইলোন মাস্ক চীনের কর্মী নিয়ে বিশেষভাবে কোনো মন্তব্য করেননি। এ দেশটিতেই সংস্থাটির অর্ধেকের বেশি যানবাহন তৈরি করা হয়। ২০২১ সালে সংস্থাটির মোট আয়ের এক-চতুর্থাংশ অবদান ছিল চীনের।
প্রতিষ্ঠানটির বিক্রি, গবেষণা ও উন্নয়ন এবং সরবরাহ চেইনের জন্য কর্মী নিয়োগের কথা ছিল। ১৬, ২৩ ও ৩০ জুন এ নিয়োগ ইভেন্ট হওয়ার কথা ছিল। কোনো কারণ উল্লেখ না করেই সংস্থাটি ইভেন্টগুলো বাতিলের ঘোষণা দিয়েছে। এছাড়া স্মার্ট ম্যানুফ্যাকচারিং পদের জন্যও ৯ জুন কর্মী নিয়োগের কথা ছিল। তবে পরিকল্পনা অনুসারে নিয়োগ ইভেন্টটি অনুষ্ঠিত হয়েছে কিনা তা স্পষ্ট নয়।
বিষয়টি নিয়ে গতকাল রয়টার্সের মন্তব্যের অনুরোধেরও কোনো উত্তর দেয়নি টেসলা। সামাজিক যোগাযোগ মাধ্যমে সংস্থাটির চীনা কার্যক্রমে এখনো হাজারেরও বেশি পদে আবেদনের সুযোগ রয়েছে। এগুলোর মধ্যে রয়েছে অ্যারোডাইনামিকস ইঞ্জিনিয়ার, সরবরাহ চেইন ব্যবস্থাপক, স্টোর ম্যানেজার, কারখানা সুপারভাইজার ও শ্রমিক।
এর আগে মার্কিন অর্থনীতি নিয়ে খুব বাজে অনুভূতির বিষয়টি উল্লেখ করে টেসলার ১০ শতাংশ কর্মী ছাঁটাইয়ের ইচ্ছা পোষণ করেছিলেন ইলোন মাস্ক। ‘পজ অল হায়ারিং ওয়ার্ল্ড ওয়াইড’
শিরোনামের এ বার্তা নির্বাহীদের কাছে পাঠিয়েছিলেন তিনি। গতকাল পৃথক একটি ই-মেইলে তিনি বলেন, টেসলা বেতনভুক্ত কর্মীর সংখ্যা ১০ শতাংশ কমিয়ে দেবে। কারণ অনেক জায়গায় অতিরিক্ত কর্মী হয়ে গিয়েছে। যদিও সেখানে ঘণ্টাভিত্তিক কর্মী সংখ্যা বাড়বে বলে উল্লেখ করা হয়েছে।
গত মার্চের শেষ দিকে কভিডজনিত লকডাউনের কারণে টেসলার সাংহাইয়ের কারখানার উৎপাদন বাজেভাবে ক্ষতিগ্রস্ত হয়। এজন্য চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) উৎপাদন আগের প্রান্তিকের তুলনায় এক-তৃতীয়াংশেরও বেশি কমে যাবে বলে মনে করছেন খাতসংশ্লিষ্টরা। এ সংখ্যা ইলোন মাস্কের পূর্বাভাসের চেয়েও বেশি।










