দেশটির বড় খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান আল্টা বিউটির সঙ্গে অংশীদারি চুক্তি করেছে কোম্পানিটি। আগামী ১২ জুলাই থেকে যুক্তরাষ্ট্রে আল্টা বিউটির ৬০০টিরও বেশি দোকানে বাথ অ্যান্ড বডি ওয়ার্কসের পণ্য পাওয়া যাবে। বর্তমানে দুটি কোম্পানিই ব্যবসা সম্প্রসারণের জন্য কাজ করছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে রয়টার্স।
বাথ অ্যান্ড বডি ওয়ার্কস জানায়, প্রতিষ্ঠানটি গ্রাহকসেবা বাড়াতে এ উদ্যোগ নিয়েছে। এর মাধ্যমে ক্রেতারা সহজেই বাথ অ্যান্ড বডি ওয়ার্কসের জনপ্রিয় কিছু পণ্য, যেমন লোশন ও মোমবাতি কিনতে পারবেন। অন্যদিকে আল্টা বিউটি নতুন ব্র্যান্ডের সঙ্গে যুক্ত হয়ে নিজেদের বিক্রি বাড়াতে চায় বলে জানিয়েছে।
নতুন চুক্তির ফলে আল্টা বিউটির দোকানে বাথ অ্যান্ড বডি ওয়ার্কসের সুগন্ধি মিস্ট, বডি ক্রিম, হ্যান্ড সোপ ও সুগন্ধি মোমবাতি পাওয়া যাবে।
বাথ অ্যান্ড বডি ওয়ার্কসের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ড্যানিয়েল হিফ জানান, ঘরের সুগন্ধি সামগ্রী বা হোম ফ্রাগ্রেন্স বিভাগটি তাদের ব্যবসার একটি বড় অংশ। আল্টা বিউটি আগে এ পণ্য নিয়ে তেমন কাজ করেনি। তাই এখানে ব্যবসার একটি ভালো সুযোগ আছে।’
এর আগে গত ফেব্রুয়ারি থেকে অ্যামাজনে পণ্য বিক্রি শুরু করে বাথ অ্যান্ড বডি ওয়ার্কস।
ড্যানিয়েল হিফ জানান, অ্যামাজন মূলত ক্রেতাদের সহজে কেনাকাটার সুবিধা দেয়। কিন্তু আল্টা বিউটির দোকানে ক্রেতারা সরাসরি পণ্য দেখা ও সুগন্ধ নেয়ার সুযোগ পাবেন।
আল্টা বিউটির প্রধান মার্চেন্ডাইজিং অফিসার লরেন ব্রিন্ডলি বলেন, ‘আমাদের দোকানে মানসম্মত হোম ফ্রাগ্রেন্স ও বডি কেয়ার পণ্যের ঘাটতি ছিল। চুক্তিটির মাধ্যমে ক্রেতাদের সে চাহিদা পূরণ হবে।’
তিনি জানান, বর্তমানে উল্টা বিউটির দোকানে নিজস্ব ব্র্যান্ডের মোমবাতি ২০ ডলারে বিক্রি হয়। এছাড়া ‘নেস্ট নিউইয়র্ক’ ব্র্যান্ডের মোমবাতি বিক্রি হয় ৬৫ ডলারে। সেখানে বাথ অ্যান্ড বডি ওয়ার্কসের মোমবাতি পাওয়া যাবে ২৫ ডলারে।
উল্লেখ্য, দুই কোম্পানির এ চুক্তির কোনো নির্দিষ্ট মেয়াদ নেই বলে জানান লরেন।










