বিএটি (ব্রিটিশ অ্যামেরিকান টোব্যাকো) বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক
হিসেবে শেহজাদ মুনীমের স্থলাভিষিক্ত হচ্ছেন মনীষা আব্রাহাম। আগামী ১ জুলাই থেকে তা
কার্যকর হবে। বিএটি বাংলাদেশের প্রথম নারী ব্যবস্থাপনা পরিচালক হতে যাচ্ছেন তিনি। এফএমসিজি
(ফাস্ট-মুভিং কনজ্যুমার গুডস) ও তামাকসহ বিভিন্ন খাতে বিপণন ও সাধারণ ব্যবস্থাপনায়
প্রায় ৩০ বছরের অভিজ্ঞতা রয়েছে মনীষার।
মনীষা গত বছরের মার্চ থেকে বিএটি বাংলাদেশের পরিচালনা পর্ষদে অ-নির্বাহী
পরিচালক (নন-এক্সিকিউটিভ ডিরেক্টর) হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বিএটি গ্রুপের
অংশ সিলন টোব্যাকো কোম্পানি পিএলসি থেকে বিএটি বাংলাদেশে যোগ দিচ্ছেন। সিলন টোব্যাকো
কোম্পানিতে তিনি ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে দায়িত্ব
পালন করেছেন। কর্মজীবনে তিনি এশিয়া প্যাসিফিক, আফ্রিকা, মধ্যপ্রাচ্য ও ইউরোপের একাধিক
দেশে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্বশীল ভূমিকা পালন করেছেন। ১৯৯৫ সালে আবুধাবিতে
কর্মজীবন শুরুর আগে মনীষা ভারতের জ্যোতি নিবাস কলেজ থেকে বি.কম ও বিরলা ইনস্টিটিউট
অব টেকনোলজি থেকে মার্কেটিং অ্যান্ড ফাইন্যান্স বিষয়ে এমবিএ সম্পন্ন করেন।
নতুন দায়িত্বের বিষয়ে মনীষা বলেন, ‘১১৪ বছর ধরে এ অঞ্চলে কাজ করার
ক্ষেত্রে সফলতা ও ইতিবাচক প্রভাবে সমৃদ্ধ বিএটি বাংলাদেশ নেতৃত্বের জন্য আমার ওপর আস্থা
রাখায় আমি অত্যন্ত আনন্দিত। বিএটি বাংলাদেশের প্রবৃদ্ধির যাত্রা এগিয়ে নিতে ও সর্বোচ্চ
সততার সঙ্গে প্রতিষ্ঠানের মর্যাদা বজায় রাখতে আমি প্রতিশ্রুতিবদ্ধ। দেশের অন্যতম সর্বোচ্চ
করদাতা ও সরকারের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে অংশীদার হিসেবে শক্তিশালী অবস্থানে
রয়েছে এ প্রতিষ্ঠান। আমার দক্ষতা ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে সবার জন্য একটি সম্ভাবনাময়
আগামী নিশ্চিতে প্রতিষ্ঠানকে এগিয়ে নেয়ার ক্ষেত্রে আমি আশাবাদী।
অন্যদিকে শেহজাদ মুনিম বিএটি বাংলাদেশের টেরিটরি অফিসার হিসেবে ১৯৯৭
সালে যোগদান করেন এবং ২০১৩ সালে প্রতিষ্ঠানটির প্রথম বাংলাদেশী ব্যবস্থাপনা পরিচালক
হওয়ার গৌরব অর্জন করেন।
মনীষা আগামী ১ জুলাই থেকে বিএটি বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে
দায়িত্ব পালন শুরু করবেন। তার নেতৃত্বের সাফল্য দেশের প্রবৃদ্ধি অংশীদার হিসেবে বিএটির
ভূমিকা ত্বরান্বিত করতে সহায়তা করবে বলে প্রত্যাশা করছে কোম্পানিটি। বিজ্ঞপ্তি










