বিদেশী বিনিয়োগ বাড়াতে সম্প্রতি নতুন নীতিমালা ঘোষণা করেছে চীনের স্টেট কাউন্সিল। ঘোষণায় বিদেশী বিনিয়োগের পরিবেশ আরো বাড়ানোর ব্যাপারে জোর দেয়া হয়। খবর রয়টার্স।
স্টেট কাউন্সিল ২৪টি নির্দেশিকা বিশিষ্ট ডকুমেন্টে বলা হয়েছে, কর্তৃপক্ষের উচিত মেধাস্বত্ব অধিকার প্রয়োগ জোরদার করাসহ বিদেশী বিনিয়োগকারীদের অধিকার ও স্বার্থের সুরক্ষা বৃদ্ধিতে নজর দেয়া। নথিতে বিদেশী বিনিয়োগকৃত উদ্যোগগুলোয় আর্থিক সহায়তা ও টেক্স প্রণোদনা বাড়ানোর নির্দেশ দেয়া হয়েছে। যেমন অস্থায়ীভাবে বিদেশী বিনিয়োগকারীদের চীনে তাদের লাভের পুনঃবিনিয়োগের ক্ষেত্রে উইথহোল্ডিং আয়করে ছাড় দেয়া হবে।
বর্তমানে তথ্য সুরক্ষা নিয়ে বিশ্বব্যাপী অ্যাকাউন্টিং সংস্থাগুলোসহ কর্তৃপক্ষ এবং আন্তর্জাতিক এন্টারপ্রাইজগুলোর মধ্যে উত্তেজনা ও দুশ্চিন্তা কাজ করছে। বিষয়টি আমলে নিয়ে স্টেট কাউন্সিল বলেছে, এটি আন্তঃসীমান্ত ডাটা লেনদেনের জন্য একটি ‘সুবিধাজনক ও নিরাপদ ব্যবস্থা’ খুঁজবে।
প্রধান ক্রেতাদের থেকে রফতানি চাহিদা কমে যাওয়ায় এবং দেশটির আবাসন বাজারে চলমান গোলমালের মুখে কভিড-১৯ মহামারী থেকে অর্থনৈতিক পুনরুদ্ধারের গতি মন্থর হয়ে যাওয়ায় চীন এখন বিদেশী পুঁজি আকৃষ্ট করার দিকে মনোনিবেশ করছে।
বেইজিং এখন পর্যন্ত বিদেশী উদ্যোগ ও বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে লড়াই করেছে। রয়টার্সের প্রতিবেদন বলছে, পশ্চিমা দেশগুলোর সঙ্গে সাম্প্রতিক সম্পর্কের অবনতির প্রভাব নিয়ে বেইজিং উদ্বিগ্ন। কেননা বিনিয়োগকারীরা কোনো দেশে বিনিয়োগ করার আগে সাধারণত সে দেশের জাতীয় নিরাপত্তা ব্যবস্থাকে বিবেচনা করে।










