পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি রানার অটোমোবাইলস পিএলসির চলতি ২০২৩-২৪ হিসাব বছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর) সমন্বিত নিট লোকসান কমেছে ২২ দশমিক ৯১ শতাংশ। আলোচ্য সময়ে কোম্পানিটির সমন্বিত নিট লোকসান হয়েছে ২৭ কোটি ৩৬ লাখ টাকা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৩৫ কোটি ৪৯ লাখ টাকা। কোম্পানির আর্থিক প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুসারে, চলতি হিসাব বছরের প্রথমার্ধে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত লোকসান হয়েছে ২ টাকা ২২ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ২ টাকা ৮৯ পয়সা। গত ৩১ ডিসেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৬০ টাকা ৪১ পয়সায়।
চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) রানার অটোমোবাইলসের শেয়ারপ্রতি সমন্বিত আয় হয়েছে ৫ পয়সা। আগের হিসাব বছরের একই প্রান্তিকে শেয়ারপ্রতি সমন্বিত লোকসান ছিল ২ টাকা ৮ পয়সা।
আলোচ্য হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত লোকসান হয়েছে ২ টাকা ২৭ পয়সা, আগের হিসাব বছরের একই প্রান্তিকে যা ছিল ৮১ পয়সা। গত ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানিটির সমন্বিত এনএভিপিএস দাঁড়িয়েছে ৬০ টাকা ৩৬ পয়সায়।
নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, সমাপ্ত ২০২৩ হিসাব বছরে রানার অটোমোবাইলসের শেয়ারপ্রতি সমন্বিত লোকসান হয়েছে ৭ টাকা ৭৫ পয়সা। আগের হিসাব বছরে ইপিএস ছিল ২ টাকা ৪০ পয়সা। গত ৩০ জুন শেষে কোম্পানিটির সমন্বিত এনএভিপিএস দাঁড়িয়েছে ৬২ টাকা ৬২ পয়সায়, আগের হিসাব বছরে যা ছিল ৬৬ টাকা ৫০ পয়সা।
সমাপ্ত ২০২২ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য মোট ১০ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করেছিল রানার অটোমোবাইলসের পরিচালনা পর্ষদ। সমাপ্ত ২০২১ হিসাব বছরেও শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে রানার অটোমোবাইলস। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির সমন্বিত ইপিএস ছিল ২ টাকা ৭০ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ৯৭ পয়সা। সমন্বিত এনএভিপিএস দাঁড়ায় ৬৫ টাকা ১৬ পয়সায়।
কোম্পানিটির ঋণমান দীর্ঘমেয়াদে ‘এ-১’ ও স্বল্পমেয়াদে ‘এসটি-৩’। ৩০ জুন সমাপ্ত ২০২০, ২০২১, ২০২২ ও ২০২৩ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও রেটিং ঘোষণার দিন পর্যন্ত অন্যান্য তথ্যের ওপর ভিত্তি করে এ প্রত্যয়ন করেছে ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ লিমিটেড (সিআরএবি)।
২০১৯ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিটির অনুমোদিত মূলধন ২০০ কোটি ও পরিশোধিত মূলধন ১১৩ কোটি ৫৪ লাখ টাকা। রিজার্ভে রয়েছে ৩৯৪ কোটি ৪৪ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ১১ কোটি ৩৫ লাখ ৩৯ হাজার ৯৩২। এর মধ্যে ৪১ দশমিক ২৩ শতাংশ শেয়ার রয়েছে উদ্যোক্তা পরিচালকদের হাতে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৩৫ দশমিক ৪৬ ও সাধারণ বিনিয়োগকারীর হাতে বাকি ২৩ দশমিক ৩১ শতাংশ শেয়ার রয়েছে।
ডিএসইতে গত এক বছরে কোম্পানিটির শেয়ারের সর্বনিম্ন ও সর্বোচ্চ দর ছিল যথাক্রমে ৩৫ টাকা ৩০ ও ৪৮ টাকা ৪০ পয়সা।










