জানুয়ারিতে তামার বৈশ্বিক বিগলন কার্যক্রম ১৩ মাসের সর্বোচ্চে পৌঁছেছে। অবকাঠামো নির্মাণ চাহিদাকে সামনে রেখে ধাতুটির উৎপাদন বাড়ানোর সিদ্ধান্ত নেয় চীন। মূলত এ কারণেই বৈশ্বিক বিগলন কার্যক্রম বেড়েছে। খবর রয়টার্স।

কমোডিটি ব্রোকার ম্যারেক্স ও সাভান্ট জানায়, তামার বৈশ্বিক বিগলন কার্যক্রম বাড়লেও কিছু কেন্দ্রে বিগলন ২০১৮ সালের ফেব্রুয়ারির পর সর্বনিম্নে নেমেছে। ম্যারেক্সের ঊর্ধ্বতন বিশ্লেষক গাই উল্ফ বলেন, সাভান্টের হিসাব অনুযায়ী, বৈশ্বিক তামা বিগলন খাত ইতিবাচকভাবেই বছর শুরু করেছে। ফিজিক্যাল মার্কেট পর্যবেক্ষণ থেকে এ তথ্য আরো নিশ্চিত হওয়া গেছে। শিল্প খাতের সরবরাহ চেইন বিগলন ও পরিশোধন চাহিদা মেটাতে সহায়তা করছে।

স্যাটেলাইটের তথ্য বিশ্লেষণ পরিষেবা সংস্থা আর্থ-আই প্রতি মাসে তামা বিগলন কার্যক্রমের ওপর ডিসপারশন ইনডেক্স প্রকাশ করে। জানুয়ারিতে গ্লোবাল ডিসপারশন ইনডেক্স ৫১ দশমিক ৬ থেকে বেড়ে ৫৫ দশমিক ১ পয়েন্টে উন্নীত হয়েছে। ইনডেক্সে ৫০ পয়েন্ট ইঙ্গিত দেয় যে বিগলন প্রতিষ্ঠানগুলো স্বাভাবিক মাত্রায় কার্যক্রম পরিচালনা করছে। তবে জানুয়ারিতে নিকেলের বৈশ্বিক বিগলন কার্যক্রম কমেছে। কারণ শীতকালীন অলিম্পিক সামনে রেখে বিদ্যুৎ ব্যবহারে বড় পরিসরে বিধিনিষেধ আরোপ করেছে বেইজিং।