চলতি বছরের জুলাইয়ে চীনের তামা আমদানি ১ শতাংশ হ্রাস পেয়েছে। এ নিয়ে টানা চার মাস আমদানি হ্রাসের ঘটনা ঘটেছে। মূলত মূল্যবৃদ্ধি, দেশীয় মজুদ উন্মুক্ত করাসহ নানা কারণে আমদানিতে নিম্নমুখী ধারা অব্যাহত আছে। চীনে শুল্ক বিভাগ এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্স।

চীনে বিশ্বের শীর্ষ তামা ব্যবহারকারী দেশ। জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন অব কাস্টমস জানায়, গত মাসে দেশটি প্রায় ৪ লাখ ২৪ হাজার ২৮০ টন অপরিশোধিত তামা ও তামাজাত পণ্য আমদানি করে। জুনের তুলনায় আমদানি ছিল নিম্নমুখী। ওই মাসে চীন প্রায় ৪ লাখ ২৮ হাজার ৪৩৭ টন তামা আমদানি করেছিল। এদিকে গত বছরের জুলাইয়ের তুলনায়ও আমদানি হ্রাস পেয়েছে। ওই সময় দেশটি সর্বোচ্চ ৭ লাখ ৬২ হাজার ২১১ টন অপরিশোধিত তামা ও তামাজাত পণ্য আমদানি করেছিল।

এদিকে জুলাইয়ে প্রতিকূল আবহাওয়া ও কাঁচামালের মূল্যবৃদ্ধির কারণে স্থূলগতিতে এগিয়েছে দেশটির তামানির্ভর শিল্প ও নির্মাণ খাত। অন্যদিকে তামার ঊর্ধ্বমুখী বাজারদরে লাগাম টেনে ধরতে গত মাসে দুই দফায় ধাতুটির দেশীয় মজুদ উন্মুক্ত করে চীন। এ সময় ভার্চুয়াল নিলামের মাধ্যমে ৫০ হাজার টন তামা বিক্রি করা হয়। ফলে দেশীয় বাজারে তামার সরবরাহ বেড়ে যাওয়ায় আমদানি কমিয়ে আনেন দেশটির তামা আমদানিকারকরা।