রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) অ্যাপে ফ্রি ইন্টারনেট সেবা উদ্বোধন করা হয়েছে। পাশাপাশি ই-পেমেন্ট সিস্টেম (একপে) এবং অ্যাস্পায়ার টু ইনোভেট (এটুআই) সম্পর্কিত স্মার্ট ব্যাংকিং কার্যক্রমেরও সূচনা করা হয়েছে। গতকাল রাজশাহী বঙ্গবন্ধু শেখ মুজিব হাই-টেক পার্কের মিলনায়তনে এসব সেবা উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মোহাম্মদ সলীম উল্লাহ। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক, রাজশাহীর নির্বাহী পরিচালক রুপ রতন পাইন, এটুআই প্রোগ্রামের আইসিটি বিভাগের যুগ্ম প্রকল্প পরিচালক মোল্লা মিজানুর রহমান, রাকাবের পরিচালনা পর্ষদ চেয়ারম্যান মো. রইছউল আলম মন্ডল।

অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নিরঞ্জন চন্দ্র দেবনাথ বলেন, ‘কৃষি ও গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, দেশের খাদ্য নিরাপত্তা ও পল্লী কর্মসংস্থান সৃষ্টিতে রাকাব বিশেষ ভূমিকা পালন করছে। কৃষকের দোরগোড়ায় অনলাইন ব্যাংকিং ও স্মার্ট মোবাইল অ্যাপভিত্তিক ব্যাংকিং সুবিধা প্রদানে রাকাব অঙ্গীকারাবদ্ধ।’

অনুষ্ঠানে রাকাবের পক্ষ থেকে জানানো হয়েছে, ই-পেমেন্ট সিস্টেম (একপে) বাংলাদেশের বৃহত্তম পেমেন্ট সিস্টেম, যা গ্রাহকদের ও ব্যবসায়ীদের জন্য সম্পূর্ণ বিল পেমেন্ট সেবা প্রদান করছে। বর্তমানে রাকাবের একপের সঙ্গে যুক্ত আছে ৫০-এর বেশি সেবা সহায়তাকারী এজেন্ট, ৫০ হাজারের বেশি সিন্ডিকেট এজেন্ট, ৩০টি ব্যাংক এবং ৩০টিরও বেশি সেবাদানকারী সংস্থা।