পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রাইম ব্যাংক লিমিটেড ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) পিএলসির ৬০০ কোটি টাকার বন্ড অনুমোদন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এর মধ্যে প্রাইম ব্যাংক ৩০০ কোটি টাকার সাব-অর্ডিনেট বন্ড ও ইউসিবি ৩০০ কোটি টাকার পারপেচুয়াল বা বেমেয়াদি বন্ড ইস্যু করবে। সম্প্রতি বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত ৮৭৩তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

কমিশন সভা শেষে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রাইম ব্যাংকের ৩০০ কোটি টাকার সাব-অর্ডিনেট বন্ডের প্রস্তাব অনুমোদন করা হয়েছে। বন্ডটির বৈশিষ্ট্য হচ্ছে, এটি শেয়ারে রূপান্তরযোগ্য নয়, মেয়াদ শেষে পুরোপুরি অবসায়নযোগ্য এবং এ বন্ডে বিনিয়োগের বিপরীতে নির্দিষ্ট সময় অন্তর ৬-১০ শতাংশ হারে কুপন পাওয়া যাবে। প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও উচ্চ সম্পদশালী একক বিনিয়োগকারীদের কাছে এ বন্ড ইস্যু করা হবে। বন্ডটির প্রতি ইউনিটের অভিহিত মূল্য ১ কোটি টাকা। বন্ড ইস্যুর মাধ্যমে উত্তোলিত অর্থে প্রাইম ব্যাংক টায়ার-২ মূলধন ভিত্তি শক্তিশালী করবে। এ বন্ডের ট্রাস্টির দায়িত্বে রয়েছে ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড এবং অ্যারেঞ্জারের দায়িত্ব পালন করছে প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেড। বন্ডটি অলটারনেটিভ ট্রেডিং বোর্ডে তালিকাভুক্ত হবে।

ইউসিবির ৩০০ কোটি টাকা মূল্যের দ্বিতীয় পারপেচুয়াল বন্ডের প্রস্তাব অনুমোদন করা হয়েছে। এর মধ্যে ২৭০ কোটি টাকা প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে এবং ৩০ কোটি টাকা পাবলিক অফারের মাধ্যমে ইস্যু করা হবে। বন্ডটির কুপন হার ৬-১০ শতাংশ। বন্ডটির প্রতি ইউনিটের অভিহিত মূল্য ৫ হাজার টাকা। বন্ড ইস্যুর মাধ্যমে উত্তোলিত অর্থে ইউসিবি টায়ার-১ মূলধন ভিত্তি শক্তিশালী করবে। এ বন্ডের ট্রাস্টির দায়িত্বে রয়েছে প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেড এবং অ্যারেঞ্জারের দায়িত্ব পালন করছে ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড। এর ইস্যু ব্যবস্থাপনা ও অবলেখনের দায়িত্বে রয়েছে যথাক্রমে প্রাইম ফাইন্যান্স ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড ও সোনালী ইনভেস্টমেন্ট লিমিটেড। বন্ডটি অলটারনেটিভ ট্রেডিং বোর্ডে তালিকাভুক্ত হবে।