পরপর তিন সপ্তাহ ধরে রাশিয়ান গমের রফতানি মূল্য কমেছে। চলতি মাসের প্রথম দুই সপ্তাহের মূলপতনের পর গত সপ্তাহেও রফতানি মূল্য কমেছে খাদ্যশস্যটির। দেশটির কৃষিবিষয়ক পরামর্শ সংস্থা ইকারের (আইকেএআর) দেয়া এক পরিসংখ্যানে বিষয়টি জানা যায়। দেশটিতে গমের সাপ্তাহিক চাহিদা কম থাকা এবং শিকাগো ও প্যারিসের বাজারে দাম কমে যাওয়ায় ধারাবাহিক দরপতন ঘটেছে বলে বিশ্লেষকরা মনে করেন। খবর রয়টার্স।

ইকারের তথ্যমতে, গত সপ্তাহের শেষে রাশিয়ান গমের এপ্রিলে সরবরাহ মূল্য ছিল টনপ্রতি ২৭৩ ডলার। তার আগের সপ্তাহের তুলনায় এর দাম কমেছে ৭ ডলার। তবে সভকন নামের আরেক পরামর্শক সংস্থার তথ্য বলছে, দেশটির গমের রফতানি মূল্য টনপ্রতি কমে দাঁড়িয়েছে ২৭৪ ডলারে। অন্যদিকে যবের রফতানি মূল্য ৬ ডলার কমে টনপ্রতি ২৪৮ ডলারে দাঁড়িয়েছে।

বিশ্লেষকরা বলছেন, উত্তর গোলার্ধের আবহাওয়ার উন্নতি হওয়ায় গমের বাজারে সরবরাহ বাড়ে। ফলে শিকাগোসহ ইউরোপের অন্যান্য দেশেও রফতানি মূল্য কমে যায়। কেবল শিকাগোতেই তিন মাস ধরে গমের দরপতন ঘটেছে বলে জানান তারা।