গ্লোবাল ইসলামী ব্যাংকের (জিআইবি) প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) আবেদনের সময়সীমা শেষ হচ্ছে ২০ অক্টোবর। গত ১৬ অক্টোবর আবেদনের সময় শুরু হয়।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রবাসীদের প্রাধান্য দিয়ে আইপিও বিনিয়োগের ২৫ শতাংশ শেয়ার বরাদ্দ রাখা হয়েছে। অবশিষ্ট ৭৫ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের মাঝে বিনিয়োগ করা হবে।

বিনিয়োগকারীরা ১০ হাজার টাকা বা এর গুণিতক সর্বোচ্চ ৫০ হাজার টাকা পর্যন্ত আইপিও আবেদন করতে পারবেন।

জিআইবি গত ১৫ জুন প্রাথমিক গণপ্রস্তাবের মাধ্যমে ফিক্সড প্রাইস পদ্ধতিতে শেয়ারবাজার থেকে ৪২৫ কোটি টাকা মূলধন উত্তোলনের অনুমোদন পেয়েছে। প্রতিটি ১০ টাকা মূল্যের ৪২ কোটি ৫০ লাখ শেয়ারের বিপরীতে এ অর্থ উত্তোলন করবে। যা এসএমই, সরকারি সিকিউরিটিজ ও শেয়ারবাজারে তালিকাভুক্ত সিকিউরিটিজে বিনিয়োগ করা হবে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত ৯ মাসে ব্যাংকটির বিনিয়োগের ওপর আয় হয়েছে ৯৭৭ কোটি ৬৫ লাখ টাকা।

এই বিনিয়োগ আয় থেকে আমানতের ওপর প্রদত্ত মুনাফা বাদ দিয়ে এবং শেয়ার ও সিকিউরিটিজে বিনিয়োগের ওপর আয়, এক্সচেঞ্জ ব্রোকারেজ কমিশন ও অন্যান্য পরিচালন আয় যোগ করে মোট পরিচালন আয় দাঁড়িয়েছে ৩৯৫ কোটি ১৪ লাখ টাকা। এরপর যাবতীয় পরিচালন ব্যয়সহ কর পূর্ববর্তী মুনাফা দাঁড়ায় ১৭৫ কোটি ১৪ লাখ টাকা। এই মুনাফা থেকে করবাবদ ৭৬ কোটি ৬০ লাখ বাদ দিয়ে ব্যাংকটির নিট মুনাফা দাঁড়ায় ৯৮ কোটি ৫৪ লাখ টাকা। আর এতে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১.৯১ টাকা। আর শেয়ারপ্রতি সম্পদ (এনএভি) দাঁড়িয়েছে ১৪.৪২ টাকা। শেয়ার প্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো ঋণাত্নক ১০.৬৩ টাকা।

২০২০ সালের জানুয়ারি-ডিসেম্বর পর্যন্ত ব্যাংকটির বিনিয়োগের ওপর আয় হয়েছিল ১ হাজার ২০৪ কোটি ৮৭ লাখ টাকা। মোট পরিচালন আয় থেকে পরিচালন ব্যয় ও কর ব্যয় বাদ দিয়ে নিট মুনাফা হয়েছিল ১০২ কোটি ৯৩ লাখ টাকা। আর এতে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয় ২.১০ টাকা। বছরটিতে শেয়ারপ্রতি সম্পদ (এনএভি) ছিল ১৩.৬৫ টাকা। শেয়ার প্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো ছিল ১৫.১২ টাকা।  

২০১৯ অর্থবছরে বিনিয়োগের ওপর আয় হয়েছিল ১ হাজার ১০৪ কোটি ২৭ লাখ টাকা। নিট মুনাফা হয়েছিল ৩৬ কোটি ৭০ লাখ টাকা। শেয়ারপ্রতি আয় বা ইপিএস হয়েছিল ০.৭৯ টাকা। অর্থবছরটিতে শেয়ারপ্রতি সম্পদ ছিল ১২.১৭ টাকা। আর শেয়ারপ্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো ছিল ২.২৭ টাকা। 

২০১৮ অর্থবছরে বিনিয়োগ ওপর আয় হয়েছিল ৯৩৯ কোটি ৬৫ লাখ টাকা। আর নিট মুনাফা হয়েছিল ৫৩ কোটি দুই লাখ টাকা বা শেয়ারপ্রতি আয় (ইপিএস) ১.২৫ টাকা। এ সময় ব্যাংকটির শেয়ারপ্রতি সম্পদ ছিল ১২.৫১ টাকা। আর শেয়ারপ্রতি নিট অপারেটিং ক্যাশফ্লো ছিল ঋণাত্মক ০.৩১ টাকা।

২০১৭ অর্থবছরে বিনিয়োগের ওপর আয় হয়েছিল ৭২০ কোটি ৯৮ লাখ টাকা। নিট মুনাফা হয়েছিল ৩৮ কোটি ৯৬ লাখ টাকা বা ইপিএস ০.৯২ টাকা। শেয়ারপ্রতি সম্পদ ছিল ১১.৭৭ টাকা। আর শেয়ারপ্রতি নিট অপারেটিং ক্যাশফ্লো ছিল ৪.১২ টাকা।

২০১৬ অর্থবছরে বিনিয়োগে আয় ছিল ৪২৮ কোটি ৭৫ লাখ টাকা। নিট মুনাফা হয়েছিল ৪২ কোটি ৩০ লাখ টাকা। এতে শেয়ারপ্রতি আয় বা ইপিএস ১.০০ টাকা। এসময় ব্যাংকটির শেয়ারপ্রতি সম্পদ ছিল ১০.৮৬ টাকা। আর শেয়ারপ্রতি নিট অপারেটিং ক্যাশফ্লো ছিল ৫.৪১ টাকা।

জিআইবির লভ্যাংশ বিতরণ : ব্যাংকটি নিট মুনাফার ওপর ২০১৭ অর্থবছরে নগদ ডিভিডেন্ড দিয়েছে ৫ শতাংশ। পরের ২০১৮ অর্থবছরে ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড দিয়েছে। ২০১৯ অর্থবছরে ৫ শতাংশ স্টক এবং ২০২০ অর্থবছরে নগদ ৫ শতাংশ ও স্টক ৫ শতাংশ ডিভিডেন্ড দিয়েছে।

সম্পদ বিবরণ: সর্বশেষ ৯ মাসে ব্যাংকটির মোট সম্পদ রয়েছে ১২ হাজার ৭২৭ কোটি ৭০ লাখ টাকা। ২০২০ অর্থবছরে এ সম্পদ ছিল ১২ হাজার ৯০ কোটি ২১ লাখ টাকা। ২০১৯ অর্থবছরে ১০ হাজার ৬৪০ কোটি ৫৩ লাখ টাকা। ২০১৮ অর্থবছরে ৯ হাজার ২১৭ কোটি ১৯ লাখ টাকা। ২০১৭ অর্থবছরে ৭ হাজার ৯১৩ কোটি ৬ লাখ টাকা। ২০১৬ অর্থবছরে সম্পদ ছিল ৪ হাজার ৯২৬ কোটি ৬৭ লাখ টাকা। ব্যাংকটির অনুমোদিত মূলধন রয়েছে ২ হাজার কোটি টাকা। আর পরিশোধিত মূলধন রয়েছে ৫১৫ কোটি ৪১ লাখ ৮৭ হাজার টাকা।

দায়ের বিবরণ: ৯ মাসে ব্যাংকটির দায় রয়েছে ১১ হাজার ৯৮৪ কোটি ৬৯ লাখ টাকা। ২০২০ অর্থবছরে ১১ হাজার ৪২০ কোটি ২১ লাখ টাকা। ২০১৯ অর্থবছরে ১০ হাজার ৭১ কোটি ৬৯ লাখ টাকা। ২০১৮ অর্থবছরে ৮ হাজার ৬৮৫ কোটি ৫৭ লাখ টাকা। ২০১৭ অর্থবছরে ৭ হাজার ৪১২ কোটি ৯২ লাখ টাকা। ২০১৬ অর্থবছরে ৪ হাজার ৪৬৫ কোটি ৩ লাখ টাকা।

৪২৫ কোটি টাকার শেয়ার বন্টন হবে যেভাবে: বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের ১৬ জুন ২০২২ নোটিফিকেশন অনুযায়ী এনআরবি বা প্রবাসীরা মোট শেয়ারের ২৫ শতাংশ পাবেন অর্থাৎ এনআরবি বা প্রবাসীরা পাবেন ১০৬ কোটি ২৫ লাখ টাকা বা ১০ কোটি ৬২ লাখ ৫০ হাজার শেয়ার। অভিবাসী কর্মীদের কর্তৃক ২৫ শতাংশ আইপিও শেয়ার সাবস্ক্রিপশন পরিপূর্ণ না হলে, আনসাবস্ক্রাইবড অংশ অন্যান্য সাধারণ বিনিয়োগকারীদের মাঝে আনুপাতিক হারে বন্টন করা হবে। যোগ্য বিনিয়োগকারী (ইলিজেবল ইনভেস্টর) পাবেন ৬৩ কোটি ৭৫ লাখ টাকা বা ৬ কোটি ৩৭ লাখ ৫০ হাজার শেয়ার। মিউচুয়াল ফান্ডের ১৫ কোটি ৯৩ লাখ ৭৫ হাজার টাকা বা ১ কোটি ৫৯ লাখ ৩৭ হাজার ৫০০ শেয়ার। আর সাধারণ বিনিয়োগকারীরা পাবেন ২৩৯ কোটি ৬ লাখ ২৫ হাজার টাকা বা ২৩ কোটি ৯০ লাখ ৬২ হাজার ৫০০ শেয়ার।