রাজধানীর ক্রাউন প্লাজা ঢাকা গুলশানে গতকাল এ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ-চায়না ক্লাব লিমিটেড (বিসিসিএল)। এতে সহযোগিতায় ছিল গ্লোবাল চাইনিজ জেনারেল চেম্বার অব কমার্স এবং ইন্টারন্যাশনাল বিজনেস স্ট্র্যাটেজি কমিটি অব গুয়াংডং-হংকং-ম্যাকাও গ্রেটার বে এরিয়া বিজনেস ফেডারেশন। এ আয়োজনের টাইটেল স্পন্সর ছিল ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি)।
ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্মেলনে দুই দেশের ব্যবসায়িক প্রতিনিধি, ব্যাংকসহ বিভিন্ন খাতের ব্যক্তিত্বরা মতবিনিময় করেন এবং দীর্ঘমেয়াদি অংশীদারত্ব ও এর সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষের (স্রেডা) চেয়ারম্যান মোজাফফর আহমেদ। বিশেষ অতিথি ছিলেন ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) প্রশাসক ও বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউটের (বিএফটিআই) প্রধান নির্বাহী ড. সাইফ উদ্দিন আহম্মদি এবং ইউসিবির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ মামদুদুর রশীদ। এছাড়া আরো উপস্থিত ছিলেন ব্যাংকটির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) আদনান মাসুদ।
এ সম্মেলনের বিভিন্ন সেশনে আন্তর্জাতিক বাণিজ্যে নেটওয়ার্কিং, বিটুবি বিজনেসের সুযোগ, বিনিয়োগ, ব্যাংকিং ও আর্থিক সহযোগিতাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।










