মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের করপোরেট পরিচালক মুন্নু ওয়েলফেয়ার ফাউন্ডেশনের কাছে থাকা ৮৯ লাখ ৩৯ হাজার ৭৭ শেয়ারের মধ্যে নয় লাখ শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছে। ৩০ কার্যদিবসের দিবসে ডিএসইর ব্লক মার্কেটে বিদ্যমান বাজারদরে এ শেয়ার বিক্রি করবে প্রতিষ্ঠানটি। গতকাল স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে। 

আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২৩-২৪ হিসাব বছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর) শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৭৫ পয়সা, আগের হিসাব বছরের একই প্রান্তিকে যা ছিল ১৫ পয়সা। গত ৩১ ডিসেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৮০ টাকা ৪৭ পয়সায়। 

৩০ জুন সমাপ্ত ২০২৩ হিসাব বছরের জন্য উদ্যোক্তা পরিচালক বাদে কেবল সাধারণ শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটির পর্ষদ। নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ২ টাকা ৯১ পয়সা, আগের হিসাব বছর যা ছিল ১ টাকা ৩ পয়সা। গত ৩০ জুন শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৮০ টাকা ২৯ পয়সায়, আগের হিসাব বছরের একই সময় যা ছিল ৮৩ টাকা ১ পয়সা। 

সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরে উদ্যোক্তা পরিচালক বাদে কেবল সাধারণ শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেয় মুন্নু সিরামিক। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ৩ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৯০ পয়সা। ওই বছরের ৩০ জুন শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়ায় ৮২ টাকা ৯৮ পয়সায়। 

সমাপ্ত ২০২০-২১ হিসাব বছরের জন্য উদ্যোক্তা পরিচালক বাদে কেবল সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেয় কোম্পানিটি। আলোচ্য সময়ে কোম্পানিটির ইপিএস হয়েছে ৯০ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৫০ পয়সা। ২০১৯-২০ হিসাব বছরে উদ্যোক্তা পরিচালক বাদে অন্য শেয়ারহোল্ডারদের ৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল মুন্নু সিরামিক। এছাড়া সব ধরনের শেয়ারহোল্ডারকে ৫ শতাংশ স্টক লভ্যাংশ দেয় কোম্পানিটি। ২০১৮-১৯ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের মোট ২০ শতাংশ লভ্যাংশ দিয়েছিল মুন্নু সিরামিক।