ঋণগ্রহীতা প্রতিষ্ঠান প্যারাডাইস কেবলস লিমিটেডের বন্ধককৃত ৭৭৪ ডেসিমল জমি ও তার ওপর নির্মিত ভবন নিলামে বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে ফিনিক্স ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস লিমিটেড। কোম্পানিটির কাছে চলতি বছরের ৩১ জুলাই পর্যন্ত খেলাপি ঋণ বাবদ ৫০ কোটি ২৫ লাখ টাকা পাওনা রয়েছে ফিনিক্স ফাইন্যান্সের। এ অর্থ আদায়ে উল্লেখিত পরিমাণ সম্পদ বিক্রির জন্য দরপত্র আহ্বান করেছে তালিকাভুক্ত কোম্পানিটি। এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে ফিনিক্স ফাইন্যান্স।
তথ্য অনুসারে, প্যারাডাইস কেবলসের গাজীপুরের শ্রীপুর থানাধীন মুলাইদ মৌজায় ভবনসহ ৬৮১ দশমিক ২৫ শতাংশ জমি ও তাপিরবাড়ী মৌজায় ভবনসহ ৯২ দশমিক ৭৫ শতাংশ জমি নিলামে বিক্রির জন্য দরপত্র আহ্বান করেছে ফিনিক্স ফাইন্যান্স।










