ব্যক্তিগত জেট পরিষেবা ব্যবসা বিস্তৃত করছে কোরিয়ান এয়ার। সম্প্রতি একটি অতিরিক্ত বি৭৮৭-৮ ড্রিমলাইনার উড়োজাহাজ বহরে যুক্ত করেছে কোরীয় উড়োজাহাজ পরিবহন সংস্থাটি। এতে করে কোরিয়ান এয়ারের বহরে মোট ব্যক্তিগত ব্যবসায়িক উড়োজাহাজের সংখ্যা দাঁড়িয়েছে ৪-এ। খবর কোরিয়া টাইমস।

যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং বি৭৮৭-৮ ড্রিমলাইনার উড়োজাহাজটি তৈরি করে। অন্যান্য উড়োজাহাজ থেকে ড্রিমলাইনার কিছুটা ব্যতিক্রম। মূলত বিলাসী যাত্রীদের জন্যই এ উড়োজাহাজ তৈরি করেছে বোয়িং। উড়োজাহাজটিতে আসন সংখ্যা কম। এর পরিবর্তে একটি ব্যক্তিগতগত লিভিং রুম, বার ও শয়নকক্ষ রয়েছে বি৭৮৭-৮ ড্রিমলাইনারে। ২০১৫ সালের ফেব্রুয়ারিতে প্রথম এ উড়োজাহাজ তৈরি করে বোয়িং। এতে মোট আসন সংখ্যা রয়েছে ৩৯টি।

সাধারণত এসব উড়োজাহাজ দিয়ে কোনো প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও স্বনামধন্য ব্যক্তিদের উড়োজাহাজ পরিবহন পরিষেবা দেয়া হয়। কোরিয়া থেকে যুক্তরাষ্ট্রের সব স্থানেই সরাসরি যাতায়াত করতে পারে বি৭৮৭-৮।