ফরাসি বিলাসবহুল ব্র্যান্ড ডিওরের সাংহাই শাখার বিরুদ্ধে গ্রাহকের ব্যক্তিগত তথ্য অবৈধভাবে বিদেশে পাঠানোর অভিযোগ করেছে চীন। কর্তৃপক্ষ জানায়, প্রতিষ্ঠানটি চীনা গ্রাহকদের ব্যক্তিগত তথ্য আইনি প্রক্রিয়া অনুসরণ না করেই ফ্রান্সে অবস্থিত সদর দপ্তরে পাঠিয়েছে। এর ফলে চলতি বছরের মে মাসে একটি তথ্য ফাঁসের ঘটনাও ঘটে। খবর রয়টার্স।

মঙ্গলবার এক বিবৃতিতে জানানো হয়, ডিওরের সাংহাই শাখা ফ্রান্সে তথ্য পাঠানোর আগে আইন অনুযায়ী প্রয়োজনীয় নিরাপত্তা মূল্যায়ন করেনি। প্রতিষ্ঠানটি ব্যবহারকারীদেরও অবহিত করেনি এবং তথ্য সুরক্ষার জন্য প্রয়োজনীয় এনক্রিপশন বা নিরাপত্তা ব্যবস্থা নেয়নি। এসব কারণে চীনের ডেটা সুরক্ষা আইন বিধি লঙ্ঘিত হয়েছে বলে কর্তৃপক্ষ মনে করছে।

সেই ধারাবাহিকতায় স্থানীয় জননিরাপত্তা কর্তৃপক্ষ প্রতিষ্ঠানটির বিরুদ্ধে প্রশাসনিক শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে। তবে কত টাকা জরিমানা বা কী ধরনের শাস্তি দেয়া হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

সাম্প্রতিক বছরগুলোয় চীন ডেটা সুরক্ষার বিষয়ে আইনকানুন আরো কঠোর করেছে। বিশেষ করে দেশে থাকা বিদেশী কোম্পানিগুলোর ওপর নজরদারি বাড়ানো হয়েছে। নতুন আইনে বলা হয়েছে, কোনো কোম্পানি যদি দেশের বাইরে ব্যবহারকারীদের তথ্য পাঠাতে চায়, তবে আগে ঝুঁকি মূল্যায়ন এবং অনুমোদন নিতে হবে। এসব নিয়ম না মানলে জরিমানা, কার্যক্রম স্থগিত কিংবা অন্য শাস্তি দেয়া হতে পারে।

এ বিষয়ে এখনো ডিওরের কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।

বিশ্লেষকদের মতে, এ ঘটনায় স্পষ্ট হয়েছে, বহুজাতিক কোম্পানিগুলোর ওপর চীন নজরদারি আরো জোরদার করছে এবং নাগরিকদের তথ্য সুরক্ষায় কঠোর আইন প্রয়োগে দৃঢ়প্রতিজ্ঞ।