পুঁজিবাজারে তালিকাভুক্ত ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের রাইট শেয়ার ইস্যুর প্রস্তাবে অনুমোদন দেয়নি নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এ জন্য অবশ্য ব্যাংকটির এনআরসি কমিটি গঠনে ব্যর্থ হওয়া, সর্বশেষ সমাপ্ত ২০২১ হিসাব বছরের জন্য স্টক লভ্যাংশ প্রদান করায় শেয়ার সংখ্যা বৃদ্ধি পাওয়া ও চলতি মাসে ব্যাংকটির শেয়ারদর ফেসভ্যালুর আশপাশে থাকাকে কারণ হিসেবে উল্লেখ করেছেন নিয়ন্ত্রক সংস্থাটি। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মাধ্যমে এ তথ্য জানিয়েছে ব্যাংকটি।
তথ্য অনুসারে, গত বছরের ১৯ সেপ্টেম্বর ডিএসইর মাধ্যমে এ রাইট শেয়ার ইস্যুর সিদ্ধান্তের কথা জানিয়েছিল ব্যাংকটি। ওই বছরের ২৭ অক্টোবর ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠিত ব্যাংকটির বিশেষ সাধারণ সভায় (ইজিএম) এ বিষয়ে শেয়ারহোল্ডারদের অনুমোদন নেয়া হয়। এ-সংক্রান্ত রেকর্ড ডেট ছিল ওই বছরের ৬ অক্টোবর।
ব্যাংকটির মোট শেয়ারসংখ্যা ১০৪ কোটি ৬০ লাখ ৮ হাজার ১২১টি। এর মধ্যে উদ্যোক্তা-পরিচালকদের হাতে রয়েছে ৩৩ দশমিক শূন্য ২ শতাংশ শেয়ার। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১৮ দশমিক ৫৩ শতাংশ, বিদেশী বিনিয়োগকারীদের কাছে ১ দশমিক ৫২ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে ৪৬ দশমিক ৯৩ শতাংশ শেয়ার রয়েছে।










