যুক্তরাষ্ট্রের শেল অয়েল (পাথরের খাঁজ থেকে উত্তোলিত তেল) উত্তোলন বৃদ্ধির সম্ভাবনা দেখা দিয়েছে। আগামী মাসে জ্বালানি পণ্যটির উত্তোলন বেড়ে এক বছরের সর্বোচ্চে পৌঁছাতে পারে। মার্কিন এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশনের (ইআইএ) মাসভিত্তিক ড্রিলিং প্রডাক্টিভিটি রিপোর্টে এ তথ্য উঠে এসেছে।

প্রতিষ্ঠানটির পূর্বাভাস বলছে, আগামী সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্র দৈনিক ৮১ লাখ ব্যারেল শেল অয়েল উত্তোলনে সক্ষম হবে। পূর্বাভাস সত্য হলে এটি হবে ২০২০ সালের মে মাসের পর সর্বোচ্চ উত্তোলন।

যুক্তরাষ্ট্র বিশ্বের শীর্ষ শেল অয়েল উত্তোলনকারী দেশ। সাতটি প্রধান কেন্দ্র থেকে দেশটি শেল অয়েল উত্তোলন করে। এর মধ্যে অন্যতম এবং বৃহৎ কেন্দ্র পারমিয়ান বেসিন। সেপ্টেম্বরে রেকর্ড পরিমাণ শেল অয়েল উত্তোলনে প্রধান ভূমিকা রাখবে এই বেসিন। এ সময় পারমিয়ান বেসিনে দৈনিক ৪৯ হাজার ব্যারেল করে শেল অয়েল উত্তোলন বাড়তে পারে। সেপ্টেম্বরে এই বেসিনের মোট উত্তোলন দাঁড়াবে দৈনিক ৪৮ লাখ ব্যারেলে, যা ২০২০ সালের মার্চের তুলনায় সর্বোচ্চ উত্তোলন। এদিকে বাকেন ও অন্যান্য প্রধান কেন্দ্রে উত্তোলন ঘাটতি দেখা দেয়ার আশঙ্কা তৈরি হয়েছে। তবে পারমিয়ান বেসিনের ঊর্ধ্বমুখী উত্তোলন এ ঘাটতি পুষিয়ে দেবে বলে মনে করছে ইআইএ।

প্রতিষ্ঠানটির সর্বশেষ প্রতিবেদনে বলা হয়, ঈগল ফোর্ড ও সাউথ টেক্সাস এলাকার কেন্দ্রগুলোতে শেল অয়েল উত্তোলন দৈনিক পাঁচ হাজার ব্যারেল করে কমে মাস শেষে মোট দৈনিক ১০ লাখ ৫০ হাজার ব্যারেলে নেমে আসতে পারে। এক্ষেত্রে নর্থ ডাকোটা অঞ্চলের বাকেন ও মন্তানা বেসিনে শেল অয়েল উত্তোলন দৈনিক এক হাজার ব্যারেল করে হ্রাস পাওয়ার আশঙ্কা রয়েছে। সেপ্টেম্বরে এসব বেসিন থেকে মোট উত্তোলন হবে দৈনিক ১১ লাখ ৪০ হাজার ব্যারেল শেল অয়েল।

জ্বালানি তেলের বৈশ্বিক বাজারে যুক্তরাষ্ট্রের আধিপত্য বিস্তারের অন্যতম সহায়ক হলো শেল অয়েল। কয়েক বছর ধরে শেল উত্তোলন উত্তরোত্তর বৃদ্ধি পেলেও গত বছর কভিড-১৯ মহামারী দেখা দিলে শেল অয়েলের বাজার চ্যালেঞ্জের মুখে পড়ে। জ্বালানি পণ্যটির চাহিদায় নেতিবাচক প্রভাব ফেলে লকডাউনসহ করোনা প্রতিরোধে নেয়া নানা বিধিনিষেধ। এ সময় শেল অয়েলের বাজারে দরপতন দেখা দেয়। তবে চলতি বছর পণ্যটির বাজার চাঙ্গা হতে শুরু করেছে। দাম বাড়তে থাকায় মার্কিন এনার্জি ফার্মগুলোর খনন কার্যক্রমে নতুন গতি এসেছে।

জ্বালানি তেল উত্তোলনসংক্রান্ত তথ্য সেবাদাতা এবং পরামর্শক প্রতিষ্ঠান বেকার হিউজের দেয়া তথ্যমতে, গত সপ্তাহে যুক্তরাষ্ট্রে জ্বালানি তেল উত্তোলন কেন্দ্র ১০টি বেড়ে ৩৯৭টিতে উন্নীত হয়েছে, যা গত বছরের এপ্রিলের পর সর্বোচ্চ। গত বছর উত্তোলন কেন্দ্রের সংখ্যা ছিল ১৭২টি।

এদিকে জ্বালানি পণ্যের তথ্য সেবাদাতা প্রতিষ্ঠান এনভেরাস জানায়, আগস্টের দ্বিতীয় সপ্তাহে যুক্তরাষ্ট্রে সক্রিয় জ্বালানি তেলের সংখ্যা বেড়েছে আটটি। মোট সক্রিয় উত্তোলন কেন্দ্রের পরিমাণ দাঁড়িয়েছে ৫৭৫টিতে। এর মধ্যে সবচেয়ে বেশি বেড়েছে অ্যাপালাশিয়া ও পারমিয়ান বেসিনে।

ইআইএ জানায়, যুক্তরাষ্ট্রের প্রধান শেল বেসিনগুলো থেকে সেপ্টেম্বরে প্রাকৃতিক গ্যাস উত্তোলনও বাড়তে পারে। সংস্থাটির পূর্বাভাস অনুযায়ী, আগামী মাসে প্রাকৃতিক গ্যাস উত্তোলন ১৬ কোটি ঘনফুট বেড়ে দৈনিক ৮ হাজার ৬১০ কোটি ঘনফুটে উন্নীত হতে পারে।