চলতি ২০২৩ বছরের ৫ জানুয়ারি থেকে ৪ জুলাই পর্যন্ত অর্ধবার্ষিকে ইউনিটহোল্ডারদের জন্য ৫ দশমিক ২৫ শতাংশ কুপন রেট ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত এপিএসসিএল (আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেড) নন-কনভার্টিবল অ্যান্ড ফুললি রিডিমেবল কুপন বেয়ারিং বন্ডের ট্রাস্টি। এ-সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ৪ জুলাই। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে এপিএসসিএল।

এর আগে গত বছরের ৫ জুলাই থেকে চলতি বছরের ৪ জানুয়ারি পর্যন্ত সময়ের জন্য ইউনিটহোল্ডারদের ৫ দশমিক ২৫ শতাংশ কুপন রেট হারে মুনাফা দিয়েছে বন্ডটি। ওই সময়ের জন্যও ৫ দশমিক ২৫ শতাংশ হারে মুনাফা পেয়েছিলেন বন্ডটির ইউনিটহোল্ডাররা। 

আশুগঞ্জ পাওয়ারের বন্ডটির মেয়াদ সাত বছর। এর বার্ষিক কুপন সুদহার ১৮২ দিন মেয়াদি ট্রেজারি বিলের সুদহারের সঙ্গে ৪ শতাংশ মার্জিনযুক্ত হার (যা সর্বনিম্ন ৮ দশমিক ৫ ও সর্বোচ্চ ১০ দশমিক ৫ শতাংশ)। এ কুপন অর্ধবার্ষিক মেয়াদে প্রদেয়। আইপিওতে সাধারণ বিনিয়োগকারীদের জন্য ৫ হাজার টাকায় একটি বন্ড বরাদ্দ ছিল। আইপিওতে আসার পর প্রথম তিন বছর বিনিয়োগকারীরা ট্রেজারি বিলের সুদহারের সঙ্গে মার্জিনযুক্ত হারে লভ্যাংশ পেয়েছেন। তবে চতুর্থ বছর থেকে লভ্যাংশের পাশাপাশি বিনিয়োগকৃত অর্থ ফেরত দেয়া শুরু হবে। অর্থাৎ চলতি বছরের ৫ জানুয়ারি থেকে ৪ জুলাই পর্যন্ত প্রথমার্ধ সময় থেকে বিনিয়োগকারীরা বিনিয়োগকৃত অর্থের অংশ ফেরত পাবেন। শর্ত অনুসারে, চতুর্থ থেকে সপ্তম বছরে চার কিস্তিতে ২৫ শতাংশ হারে বিনিয়োগকারীদের অর্থ ফেরত দেয়া হবে। আর সপ্তম বছর শেষে বিনিয়োগকারীদের পাওনা পুরোপুরি পরিশোধের পর বন্ডটির মেয়াদ শেষ হয়ে যাবে।