চীনের বাজারে আকরিক লোহার দাম পাঁচ মাসের সর্বোচ্চে উঠেছে। দেশটিতে আসন্ন সরকারি ছুটিকে কেন্দ্র করে আকরিক লোহার মজুদাগার থেকে ধাতুটির পুনর্মজুদ বাড়াচ্ছে দেশটির ইস্পাত কারখানাগুলো। এর ফলে আকরিক লোহার চাহিদা বৃদ্ধি পাওয়ায় ধাতুটির ভবিষ্যৎ বাজার ঊর্ধ্বমুখী হয়েছে। খবর রয়টার্স।

গতকাল চীনের ডালিয়ান কমোডিটি এক্সচেঞ্জে মে মাসে সরবরাহ চুক্তিতে প্রতি টন আকরিক লোহার দাম ২ দশমিক ৮৫ শতাংশ বৃদ্ধি পেয়ে ৬৮৫ ইউয়ান (স্থানীয় মুদ্রা) পর্যন্ত উঠে আসে। তবে দিন শেষে ধাতুটির দাম ২ দশমিক ১ শতাংশ বৃদ্ধি পেয়ে ৬৮০ ইউয়ানে স্থির হয়, যা গত ২ আগস্টের পর সর্বোচ্চ।

চীনের আরেক বেঞ্চমার্ক তিয়ানফেং ফিউচার্সের এক নোটে বলা হয়েছে, আসন্ন বসন্তকালীন ছুটিকে কেন্দ্র করে দক্ষিণ ও পূর্বাঞ্চলীয় এলাকার ইস্পাত কারখানাগুলো আকরিক লোহার পুনর্মজুদ বৃদ্ধি করছে। ফলে আকরিক ধাতুটির চাহিদা বাড়ছে। কিন্তু এর বিপরীতে দেশটির উত্তরাঞ্চলীয় মজুদাগারে আকরিক লোহার মজুদ তুলনামূলক কম আছে।