জুনে রাশিয়ার বেকারত্ব রেকর্ড নিম্নস্তরে পৌঁছেছে। প্রকৃত মজুরি বছরে ১০ দশমিক ৫ শতাংশ বেড়েছে, যা একটি শক্তিশালী শ্রমবাজারের ইঙ্গিত দিচ্ছে। খবর রয়টার্স।

অর্থনৈতিকভাবে সক্রিয় জনগোষ্ঠীর মধ্যে বেকারত্বের হার ৩ শতাংশে নেমেছে, যা গত মাসে ছিল ৩ দশমিক ১ শতাংশ। যদিও প্রকৃত মজুরির প্রবৃদ্ধি মে মাসের ১৩ দশমিক ৩ শতাংশের চেয়ে নিচে ছিল। তার পরও এটি অর্থনৈতিক বিশ্লেষকদের ৮ দশমিক ৩ শতাংশ প্রত্যাশাকে ছাড়িয়ে গেছে।

গত বছর রাশিয়ার সামরিক অভিযান ও যুদ্ধের কারণে শ্রমিকের ঘাটতি আরো বেড়েছে। বিশেষ করে আইটির মতো সেক্টরগুলো বেশি প্রভাবিত হয়েছে। প্রতিরক্ষা শিল্পের ননস্টপ কার্যক্রমগুলো অর্থনীতির অন্যান্য অংশ থেকে শ্রমিকদের প্রতিরক্ষা শিল্পের দিকে টেনে নিয়েছে। ফলে হালকা শিল্প অর্থাৎ কম মূলধনী শিল্পগুলো, রাসায়নিক, খাদ্য ও অন্যান্য খাতে ঘাটতি দেখা দিয়েছে। ২৮ আগস্ট শেষ হওয়া সপ্তাহের মূল্যস্ফীতি দশমিক শূন্য ৯ শতাংশ থেকে কমে দশমিক শূন্য ৩ শতাংশে দাঁড়িয়েছে। রুবলের দুর্বলতাও আমদানি পণ্যের উচ্চ মূল্যের জন্য অবদান রেখেছে।