মন্দা পরিস্থিতির মুখে পড়েছে চীনের অ্যালুমিনিয়াম উৎপাদন খাত।
গত মাসে ধাতুটির উৎপাদন লক্ষণীয় মাত্রায় হ্রাস পায়।
এ নিয়ে টানা তিন মাস উৎপাদন হ্রাসের ঘটনা ঘটেছে।
এর মধ্যে ধাতুটির দৈনিক গড় উৎপাদন নয় মাসের সর্বনিম্নে নেমেছে।
চীনের সরকারি সূত্রের বরাত দিয়ে রয়টার্স এ তথ্য জানিয়েছে।
চীনের দক্ষিণাঞ্চলে তীব্র বিদ্যুৎ ঘাটতি অ্যালুমিনিয়াম উৎপাদনকে চাপের মুখে ফেলেছে।
বিদ্যুৎ সংকটের কারণে দেশটির অ্যালুমিনিয়াম পরিশোধনের হার আশঙ্কাজনক হারে হ্রাস পেয়েছে।
চীন বিশ্বের শীর্ষ ধাতব পণ্য উৎপাদক।
দেশটির ন্যাশনাল ব্যুরো অব স্ট্যাটিস্টিকস জানায়, জুলাইয়ে চীন ৩২ লাখ ৬০ হাজার টন প্রাইমারি অ্যালুমিনিয়াম উৎপাদন করে।
জুনে উৎপাদন করা হয়েছিল ৩২ লাখ ৯০ হাজার টন।
সে হিসাবে ধাতুটির উৎপাদন দশমিক ৯ শতাংশ হ্রাস পেয়েছে।
তবে গত বছরের জুলাইয়ের তুলনায় বেড়েছে ৭ দশমিক ৪ শতাংশ।
রয়টার্সের হিসাব অনুযায়ী, গত মাসে চীন দৈনিক ১ লাখ ৫ হাজার ১৬১ টন অ্যালুমিনিয়াম উৎপাদন করে।
জুনের দৈনিক উৎপাদনের পরিমাণ ছিল ১ লাখ ৯ হাজার ৭০০ টন।
এক মাসের ব্যবধানে দৈনিক উৎপাদন কমেছে ৪ হাজার ৫৩৯ টন।
চীনের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের ইউনান রাজ্য দেশটির ধাতু বিগলনের প্রধান কেন্দ্র হিসেবে পরিচিত।
জলবিদ্যুৎ উৎপাদনের উৎস বেশি থাকায় অঞ্চলটি বিগলনকারীদের কাছে জনপ্রিয়।
কিন্তু অঞ্চলটিতে মারাত্মক খরা দেখা দেয়ায় মে মাস থেকে বিদ্যুৎ ব্যবহারে বিধিনিষেধ আরোপ করা হয়।
এতে উৎপাদনের ওপর চাপ পড়ে।
গত মাসে অ্যালুমিনিয়াম উৎপাদনকারীদের ওপর বিদ্যুৎ ব্যবহারে আবারো বিধিনিষেধ আরোপ করা হয়।
মূলত এ কারণেই ধাতুটির উৎপাদন কমছে।
এদিকে উৎপাদন ঘাটতির কারণে দেশীয় সরবরাহ সংকুচিত হয়ে এলেও ধাতুটির রফতানি বাড়িয়েছে চীন।
জুলাইয়ে দেশটি ৪ লাখ ৭০ হাজার টন অ্যালুমিনিয়াম রফতানি করে।
গত বছরের মার্চের পর এটিই সর্বোচ্চ রফতানি।










