দক্ষিণ কোরিয়ার রফতানি ফের কমেছে। চলতি বছরের মে মাসে দেশটির রফতানি ১৫ দশমিক ২ শতাংশ কমে ৫ হাজার ২২৪ কোটি ডলারে দাঁড়িয়েছে। এ নিয়ে আট মাসের মতো রফতানি কমল দেশটির। দক্ষিণ কোরিয়ার বাণিজ্য, শিল্প ও জ্বালানি মন্ত্রণালয়ের উপাত্তে এ তথ্য উঠে এসেছে। খবর ইয়োনহাপ এজেন্সি।

বিশ্ব অর্থনীতিতে চলমান মন্দাভাব ও উচ্চমূল্যস্ফীতিতে দক্ষিণ কোরিয়ার সেমিকন্ডাক্টর ও প্রযুক্তি পণ্যের রফতানি কমেছে। এতে রফতানিনির্ভর দেশটির রফতানি টানা আট মাস কমল।

দক্ষিণ কোরিয়ার বাণিজ্য, শিল্প ও জ্বালানি মন্ত্রণালয় বলছে, মে মাসে দেশটির সেমিকন্ডাক্টর রফতানি ৩৬ দশমিক কমেছে এবং চিপের দামে বড় আকারের পতন হয়েছে। 

রফতানির পাশাপাশি আমদানিও কমেছে। মে মাসে দক্ষিণ কোরিয়ার আমদানি ১৪ শতাংশ কমে ৫ হাজার ৪৩৪ কোটি ডলারে দাঁড়িয়েছে।

জ্বালানি আমদানি ২০ দশমিক ৬ শতাংশ কমায় সার্বিক আমদানি কমেছে। কারণ দক্ষিণ কোরিয়ার আমদানি পণ্যের সবচেয়ে বড় অংশ হচ্ছে জ্বালানি। 

গত মাসে দক্ষিণ কোরিয়ার বাণিজ্য ঘাটতি ছিল ২১০ কোটি ডলার। উচ্চ জ্বালানি মূল্যের কারণে গত বছর থেকে রফতানির চেয়ে আমদানি বেশি করছে দক্ষিণ কোরিয়া। ১৯৯৭ সালের পর এই প্রথম টানা ১৫ মাস বাণিজ্য ঘাটতি দেখল দেশটি।