পুঁজিবাজারের উন্নয়নের স্বার্থে গঠিত এসএমই প্লাটফর্মে লেনদেনের জন্য যোগ্য বিনিয়োগকারীদের (ইআই) ন্যূনতম বিনিয়োগসীমা ১০ লাখ টাকা বাড়িয়ে আদেশ জারি করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। গত বুধবার কমিশনের চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম স্বাক্ষরিত এ-সংক্রান্ত একটি আদেশ জারি করা হয়।
বিএসইসির আদেশ অনুসারে, এসএমই প্লাটফর্মে লেনদেনের জন্য তালিকাভুক্ত সিকিউরিটিজে যোগ্য বিনিয়োগকারীদের সর্বনিম্ন ৩০ লাখ টাকা বিনিয়োগ থাকতে হবে। বর্তমানে যোগ্য বিনিয়োকারীরা তালিকাভুক্ত সিকিউরিটিজে ২০ লাখ টাকা বিনিয়োগ থাকলেই তারা এসএমই প্লাটফর্মে লেনদেন করতে পারছেন। নতুন এ সিদ্ধান্ত আদেশ জারি-পরবর্তী তিন মাস পর কার্যকর হবে।
চলতি বছরের ২৭ জুলাই অনুষ্ঠিত বিএসইসির ৮৩৩তম কমিশন সভায় এসএমই প্লাটফর্মে লেনদেনের জন্য তালিকাভুক্ত সিকিউরিটিজে যোগ্য বিনিয়োকারীদের ন্যূনতম বিনিয়োগসীমা বাড়ানোর এ সিদ্ধান্ত হয়। এর আগে চলতি বছরের ১৭ ফেব্রুয়ারি এসএমই প্লাটফর্মে বিনিয়োগকারীদের অংশগ্রহণ বাড়াতে যোগ্য বিনিয়োগকারীদের ন্যূনতম বিনিয়োগসীমা ৫০ লাখ টাকা থেকে কমিয়ে ২০ লাখ টাকায় নির্ধারণ করে বিএসইসি।










