রাশিয়া-ইউক্রেন সংকটের কারণে উড়োজাহাজ পরিবহন পরিষেবা স্থগিত রয়েছে যুদ্ধরত দেশ দুটিতে। রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা জারিরও ঘোষণা দেয় বহু পশ্চিমা প্রতিষ্ঠান। এতে করে উড়োজাহাজ পরিবহন সংস্থাগুলোর ব্যবসায় ভাটা চলছিল। আবার চীনে নভেল করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়ার পরিপ্রেক্ষিতে লকডাউন জারি করা হয় দেশটিতে। চীনের লকডাউন এ সংকটে নতুন করে ইন্ধন জোগায়। এতে করে উড়োজাহাজের বিক্রি ব্যাহত হয়। এ সত্ত্বেও ২০২২ সাল নিয়ে আশাবাদী ইউরোপীয় উড়োজাহাজ নির্মাতা এয়ারবাস। চলতি বছর ব্যবসায়িক উড়োজাহাজের বিক্রি বাড়ার প্রত্যাশা করছে প্রতিষ্ঠানটি। খবর ফ্রি মালয়েশিয়া টুডে।

কভিড-১৯ মহামারীর কারণে সর্বশেষ ব্যবসায়িক উড়োজাহাজ মডেলটির ক্রয়াদেশ তুলনামূলক কম ছিল। ২০২০ সালে এ২২০ মডেলের ব্যবসায়িক সংস্করণ বাজারজাত হয়। তবে গত বছর পর্যন্তও কোনো ক্রয়াদেশ আসেনি মডেলটির। যদিও এ বছর কিছুটা ঘুরে দাঁড়িয়েছে এয়ারবাসের ব্যবসা। এখন পর্যন্ত চলতি বছরে পাঁচটি উড়োজাহাজের ক্রয়াদেশ পেয়েছে ফরাসি নির্মাতা প্রতিষ্ঠানটি। এর মধ্যে চারটিই এ২২০-এর ভ্যারিয়েন্টটির। এছাড়া যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যে ব্যবসা সম্প্রসারণের জন্য সম্ভাবনা তৈরি হয়েছে এয়ারবাসের।

এ বিষয়ে ইবিএসিই ব্যবসায়িক উড়োজাহাজ সম্মেলনের আগে এক সাক্ষাত্কারে এয়ারবাস করপোরেট জেট ইউনিটের আন্তর্জাতিক প্রধান কর্মকর্তা বেনোইট ডেফরজ বলেন, ১২-১৮ মাস ধরে ব্যবসার হাওয়া প্রতিকূলে ছিল। আমরা আশা করছি, ভবিষ্যতে মধ্যপ্রাচ্যে আমাদের জন্য বড় ধরনের সুযোগ রয়েছে।

মধ্যপ্রাচ্যে ৬০টিরও বেশি এয়ারবাসের ব্যবসায়িক উড়োজাহাজ পরিবহন পরিষেবায় নিয়োজিত রয়েছে। তবে যুক্তরাষ্ট্রের বাজারে পদার্পণ করা কঠিন বলে জানান বেনোইট ডেফরজ। যুক্তরাষ্ট্রের বাজারে টিকে থাকতে পারলে ব্যবসা প্রবৃদ্ধির সুযোগ রয়েছে এয়ারবাসের।

এদিকে কভিড-১৯ মহামারীর প্রকোপ আবারো বেড়ে যাওয়ায় কঠোর বিধিনিষেধ জারি করা হয় চীনে। ফলে চীনের বাজারে নতুন চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে এয়ারবাস। আবার বিক্রি বন্ধ আছে রাশিয়ায়ও। ইউক্রেনে রুশ আক্রমণের জের ধরে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে প্রতিষ্ঠানটি। বর্তমানে এয়ারবাস বহরের ১০-১৫ শতাংশ উড়োজাহাজ রাশিয়ায় রয়েছে।

আগামী বছরের শুরু থেকেই এয়ারবাসের এ২২০ ব্যবসায়িক উড়োজাহাজটি বাজারজাত হবে। এতে করে উড়োজাহাজের বিক্রি ঊর্ধ্বমুখী হওয়ার প্রত্যাশা করছেন বেনোইট ডেফরজ। দীর্ঘমেয়াদে এক বছরে ৫-১০টি এসিজে২২০ উড়োজাহাজ বিক্রির আশা করছে প্রতিষ্ঠানটি। মডেলটি মূলত এ২২০-১০০ উড়োজাহাজের ওপর ভিত্তি করে নির্মাণ করা হয়েছে। উড়োজাহাজটি একবারে ১০ হাজার ৫০০ কিলোমিটার পথ উড়তে সক্ষম, যা যুক্তরাজ্যের রাজধানী লন্ডন থেকে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস পর্যন্ত বিস্তৃত।