গ্রাহকদের হাতে তুলে দেওয়ার মধ্য দিয়ে ওয়্যারইবিএল পেমেন্ট ডিভাইস বাণিজ্যিকভাবে চালু করেছে ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল)। গতকাল ব্যাংকটির প্রধান কার্যালয়ে আগে থেকেই প্রিবুক করে রাখা গ্রাহকদের হাতে এ ডিভাইস তুলে দেয়া হয়। 

উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংকের কর্মকর্তারা জানান, আংটি, ফোন গ্রিপ, রিস্টব্যান্ড ইত্যাদি আকারে এ ডিভাইস পাওয়া যাচ্ছে। এ ডিভাইসগুলো মূলত ক্রেডিট কার্ডের মতো, তবে গ্রাহকরা তাদের প্রতিদিনকার জীবনে এগুলো সহজেই পরিধান করে ব্যবহার করতে পারেন। ডিভাইসগুলোর সেটআপ প্রক্রিয়া গ্রাহকবান্ধব এবং এগুলোকে গ্রাহকদের ইবিএল প্রিমিয়াম ক্রেডিট কার্ডের সঙ্গে নিরবচ্ছিন্নভাবে সমন্বয় করা হয়েছে। কন্ট্যাক্টলেস পেমেন্ট সুবিধা সংবলিত ডিভাইসগুলো গ্রাহকদের জন্য নির্ঝঞ্ঝাট এবং নিরাপদ পেমেন্ট অভিজ্ঞতা নিশ্চিত করবে।

ইবিএল মাস্টারকার্ড টাইটেনিয়াম, ওয়ার্ল্ড; ভিসা প্লাটিনাম, সিগনেচার এবং ইনফিনিট কার্ডধারীরা তাদের পছন্দের ডিভাইসটি বুক করতে পারেন। এর মাধ্যমে তারা বিশ্বব্যাপী বিস্তৃত ইবিএল পার্টনার নেটওয়ার্কের মাধ্যমে কোনো বিঘ্ন ছাড়াই পেমেন্ট সুবিধা পাবেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইবিএলের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আহমেদ শাহীন, উপব্যবস্থাপনা পরিচালক এম খোরশেদ আনোয়ার, প্রধান প্রযুক্তি কর্মকর্তা জাহিদুল হক, ডিজিটাল আর্থিক সেবা বিভাগের প্রধান আহসান উল্লাহ্ চৌধুরী, কমিউনিকেশনস ও এক্সটার্নাল অ্যাফেয়ার্স বিভাগের প্রধান জিয়াউল করিম এবং কার্ড বিভাগ প্রধান তাসনীম হোসেন।

অনুষ্ঠানে ইবিএলের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আহমেদ শাহীন বলেন, ‘নির্ঝঞ্ঝাট, নিরাপদ এবং দক্ষ লেনদেনের ক্ষেত্রে ইবিএলের ওয়্যারইবিএল ডিভাইসগুলো নতুন দিগন্তের সূচনা করতে যাচ্ছে। গ্রাহকদের জীবনের সঙ্গে নিরবচ্ছিন্নভাবে সমন্বয় করার অঙ্গীকার নিয়ে এ ডিভাইসগুলো সর্বোচ্চ নির্ভুলভাবে ডিজাইন করা হয়েছে। আর্থিক প্রযুক্তি ও অন্তর্ভুক্তির ক্ষেত্রে ওয়্যারইবিএল ডিভাইস একটি উল্লেখযোগ্য অগ্রগতি।