চলতি ২০২৩ হিসাব বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) আগের হিসাব বছরের একই সময়ের তুলনায় ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফআই) প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স লিমিটেডের শেয়ারপ্রতি লোকসান কমেছে প্রায় ২২ শতাংশ। এনবিএফআইটির চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে এ প্রতিবেদন প্রকাশ করেছে কোম্পানিটি। 

প্রতিবেদন অনুসারে, চলতি হিসাব বছরের প্রথমার্ধে প্রিমিয়ার লিজিংয়ের সমন্বিত শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৪ টাকা ২২ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৫ টাকা ৪০ পয়সা। সে হিসাবে বছরের ব্যবধানে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি লোকসান কমেছে ১ টাকা ১৮ পয়সা বা ২১ দশমিক ৮৫ শতাংশ। আর চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে এনবিএফআইটির সমন্বিত শেয়ারপ্রতি লোকসান হয়েছে ২ টাকা ৬৭ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ২ টাকা ৯৯ পয়সা। সে হিসাবে এক বছরের ব্যবধানে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি লোকসান কমেছে ৩২ পয়সা বা ১০ দশমিক ৭০ শতাংশ। গত ৩০ জুন শেষে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি নিট দায় দাঁড়িয়েছে ২২ টাকা ৪৮ পয়সায়, আগের  হিসাব বছর শেষে যা ছিল ৭ টাকা ৬৫ পয়সা।

এদিকে গতকাল ডিএসইর মাধ্যমে কোম্পানিটির সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২২ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। তবে আলোচ্য হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য কোনো লভ্যাংশের সুপারিশ করেনি কোম্পানিটি। এ হিসাব বছরে কোম্পানির সমন্বিত শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১৫ টাকা ৯৭ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১৮ টাকা ১৮ পয়সা। গত ৩১ ডিসেম্বর শেষে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি দায় দাঁড়ায় ১৮ টাকা ২৩ পয়সায়, আগের হিসাব বছর শেষে যা ছিল ২ টাকা ১২ পয়সা।

২০২২ হিসাব বছরের এজেন্ডাগুলোয় শেয়ারহোল্ডারদের অনুমোদন নিতে আগামী ১৬ নভেম্বর বেলা ১১টায় ভার্চুয়াল মাধ্যমে বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করেছে কোম্পানিটি। এ-সংক্রান্ত রেকর্ড ডেট ধরা হয়েছে ২৫ সেপ্টেম্বর।