এ অংশীদারত্বের আওতায় বিশ্ববিদ্যালয়টিতে উচ্চ শিক্ষা গ্রহণকারী বাংলাদেশী শিক্ষার্থী ও তাদের পরিবারের জন্য ব্যাংকিং এবং পেমেন্ট সেবা সহজ করার উদ্যোগ নেয়া হবে। ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।
দুই প্রতিষ্ঠানের মধ্যে এমওইউ স্বাক্ষর উপলক্ষে সম্প্রতি এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিসিবিএলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. ওবায়দুল হক। অনুষ্ঠানে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. জহিরুল আলম এবং হানসিও বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক ও বিমান চালনা বিষয়ক বিদেশী ভাষা বিভাগের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ডং হো কিম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এমওইউতে স্বাক্ষর করেন।
সমঝোতার আওতায় বাংলাদেশী শিক্ষার্থীদের শিক্ষা-সম্পর্কিত আর্থিক লেনদেন সহজ করার পাশাপাশি তাদের জন্য বিভিন্ন ব্যাংকিং সুবিধা প্রদানের সুযোগ তৈরি হবে। একই সঙ্গে শিক্ষার্থীদের পরিবারের জন্যও ব্যাংকিং ও পেমেন্ট সেবা সহজীকরণের উদ্যোগ নেয়া হবে।
বিসিবিএল জানায়, এ অংশীদারত্বের মাধ্যমে বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার জনগণের মধ্যে পারস্পরিক ও প্রাতিষ্ঠানিক সম্পর্ক আরো শক্তিশালী হবে। পাশাপাশি দক্ষিণ কোরিয়ায় উচ্চ শিক্ষা গ্রহণরত বাংলাদেশী শিক্ষার্থীদের আর্থিক সেবা প্রাপ্তি আরো সহজ ও কার্যকর হবে।
অনুষ্ঠানে বিসিবিএলের সব বিভাগের প্রধান, ড. মো. আব্দুল্লাহ আল ফারুক, রেজওয়ান শোভনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।










