পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্র্যাক ব্যাংক লিমিটেডের মৃত উদ্যোক্তা ফারুক এ চৌধুরীর ধারণ করা কোম্পানিটির ১১ হাজার ৪৩১টি শেয়ার তার নমিনি হিসাবে স্ত্রী জিনাত চৌধুরীর অ্যাকাউন্টে পাঠানো হবে। ব্যাংক ব্যাংকের অন্যতম এ উদ্যোক্তা ২০১৭ সালের ১৭ মে মৃত্যুবরণ করেন। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে আজ এ তথ্য জানিয়েছে ব্যাংকটি।
সর্বশেষ সমাপ্ত ২০২১ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডাদের মোট ১৫ শতাংশ লভ্যাংশ দিয়েছে ব্র্যাক ব্যাংকের পরিচালনা পর্ষদ। এর মধ্যে সাড়ে ৭ শতাংশ নগদ ও সাড়ে ৭ শতাংশ বোনাস বা স্টক লভ্যাংশ। সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৯৩ পয়সা। যেখানে আগের হিসাব বছরে আয় ছিল ৩ টাকা ১৭ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২১ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪১ টাকা ৮ পয়সায়। আগের হিসাব বছর শেষে যা ছিল ৩৪ টাকা ৫৬ পয়সা।
এর আগে ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২০ হিসাব বছরের জন্য ১৫ শতাংশ লভ্যাংশ দিয়েছিল ব্র্যাক ব্যাংক। এর মধ্যে ১০ শতাংশ নগদ ও বাকি ৫ শতাংশ স্টক লভ্যাংশ রয়েছে। ২০১৯ হিসাব বছরেও ১৫ শতাংশ লভ্যাংশ দিয়েছিল ব্যাংকটি। এর মধ্যে ৭ দশমিক ৫ শতাংশ নগদ ও বাকি ৭ দশমিক ৫ শতাংশ স্টক লভ্যাংশ। এর আগের হিসাব বছরে ১৫ শতাংশ স্টক লভ্যাংশ পেয়েছিলেন ব্যাংকটির শেয়ারহোল্ডাররা।
২০০৭ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়া ব্র্যাক ব্যাংকের অনুমোদিত মূলধন ২ হাজার কোটি টাকা। পরিশোধিত মূলধন ১ হাজার ৪৯৬ কোটি ৫৮ লাখ টাকা। রিজার্ভে রয়েছে ৩ হাজার ৮৩৬ কোটি ৭৯ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ১৪৯ কোটি ৬৫ লাখ ৮৫ হাজার ৩২৯টি। এর মধ্যে ৪৬ দশমিক ২৪ শতাংশ রয়েছে উদ্যোক্তা-পরিচালকদের হাতে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১১ দশমিক ২৪ শতাংশ, বিদেশী বিনিয়োগকারীদের কাছে ৩৭ দশমিক ৩৭ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ৫ দশমিক ১৫ শতাংশ শেয়ার রয়েছে।
ডিএসইতে আজ ব্র্যাক ব্যাংক শেয়ারের সর্বশেষ ও সমাপনী দর ছিল ৪৫ টাকা ৫০ পয়সা। গত এক বছরে শেয়ারটির সর্বনিম্ন ও সর্বোচ্চ দর ছিল যথাক্রমে ৪৩ টাকা ২০ পয়সা ও ৬১ টাকা ৫০ পয়সা।










