তাইওয়ানে গড় মাসিক মজুরি চলতি বছরের জুনে গত বছরের একই সময়ের তুলনায় ২ দশমিক ৪৭ শতাংশ বেড়ে ৪৫ হাজার ৪২৯ নিউ তাইওয়ান ডলার বা ১ হাজার ৪৩০ মার্কিন ডলারে দাঁড়িয়েছে। যদিও তা মে মাসের তুলনায় দশমিক ১৪ শতাংশ কমেছে বলে জানায় দেশটির বাজেট ও পরিসংখ্যান বিভাগ। খবর তাইপে টাইমস।
সংস্থাটির প্রকাশিত তথ্যানুসারে, ওভারটাইম, বোনাস ও অন্য সবকিছু মিলিয়ে শ্রমিকদের মজুরি ২ শতাংশ বেড়ে ৫৩ হাজার ৯০০ নিউ তাইওয়ান ডলারে উপনীত হয়েছে। দেশটির এয়ারলাইনস কোম্পানিতে কর্মরত ব্যক্তিরা গড়ে সর্বোচ্চ মাসিক মজুরি ৮১ হাজার ৬৬৪ নিউ তাইওয়ান ডলায় বেতন পান। দ্বিতীয় স্থানে আছে আর্থিক ও বীমা কোম্পানিগুলো। তার পরের স্থানে রয়েছে বিদ্যুৎ ও গ্যাস সরবরাহকারী প্রতিষ্ঠানের কর্মচারীদের বেতন।
অন্যদিকে, স্যালুন ও রেস্টুরেন্টের মতো জায়গায় কাজ করে, তাদের মজুরি সব থেকে কম। তাদের মাসিক আয় ৩০ হাজার ৯৭৭ থেকে ৩৩ হাজার ৮৬৫ মার্কিন ডলারের মধ্যে থাকে। তাইওয়ানের আদমশুমারি বিভাগের উপপরিচালক চেন হুই-সিন বলেন, ‘মুদ্রাস্ফীতির কারণে প্রথম ছয় মাসে গড় মাসিক মজুরি দশমিক ১৪ শতাংশ বাড়লেও মোট মজুরি দশমিক ৭৩ শতাংশ কমেছে, যা সাত বছরের মধ্যে প্রথম সংকোচন।’
সংস্থাটি তথ্যমতে, শ্রমিকদের সংখ্যা জুন পর্যন্ত ৮১ লাখ ৬৪ হাজার থেকে তিন হাজার কমেছে। কারণ স্থানীয় নির্মাতারা ব্যবসায়িক মন্দা মোকাবেলায় শ্রমিকের সংখ্যা কমিয়ে আনছেন। চেন জানান, স্থানীয় চাকরির বাজার এখন পর্যন্ত স্থিতিশীল।










