ফরাসি ইমপ্রেশনিস্ট চিত্রশিল্পী পিয়ের-অগুস্ত রেনোয়ার একটি চিত্রকর্ম ১৮ লাখ ইউরো বা ২০ লাখ ৮০ হাজার ডলারের সমতুল্য মূল্যে বিক্রি হয়েছে। প্যারিসের এক নিলামে হাতবদল হওয়া চিত্রকর্মটি এতদিন অজ্ঞাতই ছিল। এ শিল্পকর্মের বিষয়বস্তু হলো রেনোয়ার ছেলে জাঁ।

‘লঁ-ফাঁ এ সে জুয়ে’ শিরোনামের তেলরঙে আঁকা এ চিত্রকর্ম এর আগে কোনো প্রদর্শনীতে স্থান পায়নি। এমনকি বিক্রিও হয়নি। জাঁর গডমাদার জ্যাঁ বদোর কাছে প্রতিকৃতিটি সংরক্ষিত ছিল, যিনি রেনোয়ার বন্ধু ও ছাত্রী ছিলেন। জ্যাঁ বদোর মৃত্যুর পর তার উত্তরাধিকারীরা ‘লঁ-ফাঁ এ সে জুয়ে’র মালিক হন।

ধারণা করা হয়, ১৮৯০-৯৫ সালের মধ্যে চিত্রকর্মটি আঁকা হয়েছিল। রেনোয়ার দ্বিতীয় সন্তান জাঁ পরবর্তী সময়ে চলচ্চিত্র নির্মাণে খ্যাতি অর্জন করেন। ছবিতে তাকে ন্যানির সঙ্গে বসে থাকতে দেখা যায়। শিল্প ইতিহাসবিদ ও রেনোয়ার বিশেষজ্ঞ পাস্কাল প্যাঁরাঁ চিত্রকর্মটি সংরক্ষণের প্রশংসা করেন। নিলামে তোলার জন্য এতে কোনো সংস্কারের প্রয়োজন হয়নি।

নিলামের আগে ধারণা করা হয়েছিল, ‘লঁ-ফাঁ এ সে জুয়ে’র দাম উঠতে পারে ১০-১৫ লাখ ইউরো। কিন্তু পরে সেই পূর্বাভাসকেও ছাড়িয়ে যায়। গতকাল নিলাম সংস্থা দ্রুয়ো জানিয়েছে, একজন আন্তর্জাতিক সংগ্রাহক চিত্রকর্মটি কিনে নিয়েছেন।

উচ্চমূল্যের শিল্পবাজার গত কয়েক বছরে কিছুটা মন্দার মুখে পড়েছিল। তবে সম্প্রতি রেকর্ড বিক্রি বাজারে চাহিদা পুনরুদ্ধারের ইঙ্গিত দিচ্ছে। গত সপ্তাহে ফ্রিদা কাহলোর একটি আত্মপ্রতিকৃতি নিউইয়র্কে ৫ কোটি ৪৬ লাখ ৬০ হাজার ডলারে বিক্রি হয়েছে, যা কোনো নারী শিল্পীর আঁকা চিত্রকর্মের জন্য সর্বোচ্চ মূল্য। এর পর পরই গুস্তাভ ক্লিমটের একটি চিত্রকর্ম ২৩ কোটি ৬৪ লাখ ডলারে বিক্রি হয়েছিল, যা নিলামে বিক্রি হওয়া শিল্পকর্মের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ মূল্য। খবর দ্য গার্ডিয়ান